পাচার হওয়াদের দেশে আনার প্রক্রিয়া দ্রুত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচার প্রতিরোধ ও পাচারের পর আটকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা দরকার; দরকার সমন্বিত উদ্যোগ নেওয়া।শিশু-কিশোরদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, অভিবাসন ও পাচারবিষয়ক এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। তাঁরা বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যাওয়াদের দেশে ফিরিয়ে আনার সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অবসানের ওপর বিশেষ গুরুত্ব দেন।গতকাল বুধবার এলজিইডি ভবনের আরডিইসি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘সংযোগ বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংযোগ ভারত এবং ভারত-বাংলাদেশের সরকারি-বেসরকারি ও দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, কোনো একটি দেশের পক্ষে পাচার প্রতিরোধসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তাই পাচার প্রতিরোধে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। পাচার হওয়াদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দূর করতে সরকারকেই উদ্যোগী হতে হবে।অনুষ্ঠানের প্রথম পর্বে আন্তর্জাতিক এনজিও ‘গ্রুপ ডেভেলপমেন্ট’-এর সহায়তায় বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যাওয়া ছেলেশিশুদের ওপর করা গবেষণা ‘ক্রসিং বাউন্ডারিজ’ এবং পাচারের শিকার নারীদের দেশে ফিরে আসার দীর্ঘসূত্রতা নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য রিটার্ন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পাচারবিষয়ক টাস্কফোর্সের (আরআরআরআই) দায়িত্বপ্রাপ্ত কামাল উদ্দিন আহমেদ বলেন, পাচার প্রতিরোধে সরকার একটি সমন্বিত আইন তৈরির উদ্যোগ নিয়েছে।ভারতের সরকারি প্রতিনিধি রবীন্দ্র পাতিল বলেন, পাচারের পর আটকে পড়া ব্যক্তি যে বাংলাদেশের নাগরিক, সেই সনদ পেতেই লেগে যায় অনেক দিন। এ ছাড়া ভাষাগত সমস্যা, পাচার হওয়াদের দেশে ফিরতে অনীহা, ভুল তথ্য দেওয়া, বাংলাদেশের হাইকমিশন থেকে বাংলায় প্রতিবেদন পাঠানোসহ বিভিন্ন জটিলতা মোকাবিলা করতে হয় এ প্রক্রিয়ায়।জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, পাচার প্রতিরোধে সরকার যতটা আন্তরিক, ততটা ফল পাওয়া যাচ্ছে না। পাচার প্রতিরোধে সচেতনতামূলক কর্মকাণ্ড সম্পর্কেও জনগণ জানতে পারছে না।পশ্চিমবঙ্গের আরআরআরআই টাস্কফোর্সের প্রতিনিধি মৌ ভট্টাচার্য বলেন, দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অনেক শিশু আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে যায়।বাংলাদেশে এই টাস্কফোর্সের সমন্বয়কারী সাইবুন নেসা পাচার হয়ে যাওয়াদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কত দিন সময় পাবে, তা নিয়ে সরকার একটি আদেশ জারি করেছে বলে উল্লেখ করেন।অনুষ্ঠানের বিভিন্ন পর্বে রাইট যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সংযোগ বাংলাদেশের নির্বাহী পরিচালক সাদিয়া নাসরিন, ভারতের প্রতিনিধি উমা চক্রবর্তী, গ্রুপ ডেভেলপমেন্টের প্রতিনিধি রূপ সেন, সাবির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।