পাচার হয়ে আসা ভারতীয় মোটর সাইকেলে ছেয়ে গেছে টেকনাফ
বিভিন্ন সীমান্তপথ দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা অনুমোদনহীন মোটরসাইকেলে ছেয়ে গেছে টেকনাফ। এলাকার সড়কগুলো এসব অবৈধ দ্রুতগামী মোটরসাইকেলের দখলে থাকলেও প্রশাসন নির্বিকার।বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) সূত্র জানায়, চলাচলের জন্য ১৫০ সিসি মোটরসাইকেলের সরকারি অনুমোদন রয়েছে। কিন্তু চোরাই পথে আসা ১৬০, ১৮০, ২০০, ২২০ ও ২৫০ সিসির দ্রুতগামী মোটরসাইকেল ভুয়া নম্বর ব্যবহার করে নির্বিঘ্নে চলাচল করছে। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অপরদিকে চোরাই যান ব্যবহার করে উপজেলায় ইয়াবাসহ অন্যান্য মাদকের ব্যবসা হয়ে উঠেছে রমরমা।বিআরটিএর কক্সবাজারের সহকারী পরিচালক বিমলন্দ চাকমা জানান, এসব মোটরসাইকেলের নিবন্ধন দেওয়ার এখতিয়ার কক্সবাজার জেলাসহ সারা দেশের কোনো সংস্থারই নেই। অবৈধভাবেই এগুলো চলাচল করছে। লোকবল না থাকায় বিআরটিএর পক্ষে এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তথ্যানুসন্ধানে দেখা যায়,্রটেকনাফের সড়কগুলো নামীদামি, দ্রুতগতির মোটরসাইকেলে ভরপুর। এগুলোর মধ্যে রয়েছে পালসার, আপ্পাচি, পেজার, ইয়ামাহা, হিরো হোন্ডা ইত্যাদি। জানা যায়, এসব অত্যাধুনিক মডেলের মোটরসাইকেল বাংলাদেশের শোরুমগুলোতে পাওয়া যায় না। মূলত ভারত থেকে অবৈধভাবে এগুলো টেকনাফে আসছে। রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসায় তা তরুণসমাজের জন্য হয়ে উঠেছে সহজলভ্য। খোঁজ নিয়ে জানা গেছে, মোটরসাইকেলগুলো মূলত ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ব্যবহূত হচ্ছে। মাদক ব্যবসায়ীরা এসব দ্রুতগতির মোটরসাইকেলে করে ইয়াবা, আইস পিল, ফেনসিডিল, হেরোইন, কোকেনসহ নানা ধরনের মাদকদ্রব্য জেলার বিভিন্ন স্থানে পাচার করছে।টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান নুরুল আলম প্রথম আলোকে জানান, এসব দ্রুতগামী মোটরসাইকেল মাদক পাচারকাজে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে। স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা নিলে লাখ লাখ টাকার রাজস্ব আদায়সহ ইয়াবার মতো মাদক পাচার রোধ অনেকটাই সম্ভব হতে পারে। ৪২ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসানও এসব মোটরসাইকেল মাদক পাচারে ব্যবহূত হচ্ছে বলে স্বীকার করেন। তিনি জানান, চলতি বছর এ পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৫০০টি ইয়াবা ও নয়টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, ছোট্ট এ শহরে চার শতাধিক চোরাই ও অনুমোদনবিহীন মোটরসাইকেল আছে। জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটির সভায় এগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই এ অভিযান শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান ও বৈধ যানবাহনের চালকদের নিবন্ধন করার জন্য এক মাসের সময় দিয়ে পুরো উপজেলায় মাইকিং করা হয়েছে। যেকোনো সময় অভিযান চালানো হবে।