পাচারকারী সন্দেহে দুজন আটক, আট শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে পাচারকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছেন এলাকাবাসী। এ সময় সন্দেহভাজন পাচারকারীদের হাত থেকে আটটি মেয়েশিশুকে উদ্ধার করেন তাঁরা৷ গতকাল সোমবার সকালে উপজেলার সরণপুর গ্রাম থেকে ওই শিশুদের উদ্ধার এবং দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়৷
আটক দুই ব্যক্তি হলেন নড়াইলের কালিয়া উপজেলার রাজিবুল ইসলাম (৪০) ও হাফসা খাতুন (২২)।
পুলিশ সূত্র জানায়, আটক দুজনকে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আর উদ্ধার হওয়া আট শিশুকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি যশোর শাখার নিরাপত্তা হেফাজতে (শেল্টার হোম) রাখা হয়েছে। আট শিশুর বয়স ৬ থেকে ১১ বছর। তাদের বাড়ি মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও মহিলা আইনজীবী সমিতি সূত্র জানায়, গতকাল সকালে হাফসা ও রাজিবুল নামের দুই ব্যক্তি আট শিশুকে নিয়ে সরণপুর গ্রামে এলে স্থানীয় লোকজন পাচারকারী সন্দেহে তাঁদের আটক করেন। এ ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই দুজনকে পুলিশে দেওয়া হয়। পরে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে আট শিশুকে মহিলা আইনজীবী সমিতির লোকজন তাঁদের জিম্মায় নেন৷ আর পাচারকারী সন্দেহে আটক ওই দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, ওই দুই ব্যক্তি দাবি করেন, এসব শিশুকে মনিরামপুরের এনায়েতপুর ফতেমা-তুজ-জোহরা তাহাফিজুল কোরান কওিম মাদ্রাসা ও এতিমখানায় রাখতে ওই দুই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এনেছেন৷ তাঁরা নিজেদের ওই মাদ্রাসার শিক্ষক বলে পরিচয় দেন। তবে শিশুরা ধরা পড়ার পর মাদ্রাসার সুপার মাহবুব পালিয়ে গেছেন৷ মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী নাসিমা খাতুন বলেন, উদ্ধার হওয়া শিশুদের কথায় গরমিল আছে৷ বিষয়টি রহস্যজনক৷ মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাঠপর্যায়ে তদন্ত চলছে৷ তদন্ত শেষের আগে ঘটনা পরিষ্কার বোঝা যাচ্ছে না৷
মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক শাহজাহান আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এনায়েতপুরের আবদুল লতিফ নামের এক ব্যক্তির বাড়িতে চলা একটি মাদ্রাসার শিক্ষক বলে নিজেদের পরিচয় দিয়েছেন৷ ভাড়া নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে বাড়ির মালিকের ঝামেলা হলে মাদ্রাসাটি মনিরামপুর থেকে ঝিকরগাছায় সরিয়ে নেওয়া হচ্ছিল৷ সে লক্ষ্যে ওই শিশুদের ঝিকরগাছার দিকে নেওয়া হচ্ছিল বলে তাঁরা জানান। তবে ওই মাদ্রাসার আর কাউকে পাওয়া যায়নি। সুপার মাহবুব পালিয়েছেন৷