পাচারকারীকে ধরিয়ে দিল এক তরুণী
সাতক্ষীরার ভোমরা সীমান্তে নারী পাচারকারী চক্রের হোতাকে গত সোমবার কৌশলে এলাকাবাসীর হাতে ধরিয়ে দিয়েছে পাচারের জন্য সীমান্তে নিয়ে আসা এক তরুণী। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির হাতে সোপর্দ করা হয়। তাঁর নাম আবদুর রাজ্জাক। বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ গ্রামে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী খান জানান, ওই তরুণীসহ ১১ জনকে ভারতে পাচারের জন্য চট্টগ্রামের বার্মা কলোনি থেকে ভোমরা সীমান্তে নিয়ে আসা হয় ৭ আগস্ট। বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালিয়ে ভোমরা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয় ওই তরুণী। ঘটনাটি ওই বাড়ির মালিক পলাশ রহমানকে জানানো হয়। পলাশ গ্রামের কয়েকজনকে বিষয়টি জানান। গ্রামবাসী পাচারকারীকে আটকের চেষ্টা শুরু করে। সোমবার সন্ধ্যায় পাচারকারী চক্রের হোতা আবদুর রাজ্জাক ভোমরা এলাকায় এলে ওই তরুণী তাকে চিনতে পারে। এ সময় গ্রামবাসী তাকে আটক করে ভোমরা বিজিবি ক্যাম্পে সোপর্দ করে।ওই তরুণী জানায়, চট্টগ্রামে একটি গার্মেন্টসে সে কাজ করত। এ সময় তার সঙ্গে আবদুর রাজ্জাকের পরিচয় হয়। তাকে খুলনা অথবা যশোরে ভালো চাকরি দেবে আশ্বাস দিয়ে নিয়ে আসে। এ জন্য তার কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন নেওয়া হয়। অন্যদের কাছ থেকেও ১০ হাজার করে টাকা নেওয়া হয়।এ ঘটনায় ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আজিজুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আবদুর রাজ্জাককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।