পাচারকারীদের বিচারের দাবিতে ইউপি কার্যালয়ে অবস্থান
পাচার হওয়ার দুই মাস পর ভারতের নিষিদ্ধ পল্লি থেকে পালিয়ে এসেছেন একজন তরুণী (২০)। গতকাল বুধবার সকাল নয়টায় তিনি পাচারকারীদের বিচারের দাবিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে অবস্থান নেন।কেড়াগাছী ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন বলেন, ‘আমার ইউপির এক তরুণী তাঁর স্বামী শরিফ হোসেন, দেবর আয়ুব আলী, শ্বশুর আবদুর রহমান ও শাশুড়ি সুফিয়া খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তাঁদের বিরুদ্ধে নারী নির্যাতন, যৌতুক, পাচার ও যৌনপল্লিতে বিক্রির অভিযোগ আনা হয়েছে। খোঁজখবর নিয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর ওই তরুণী বিকেল চারটার দিকে বাপের বাড়ি চলে গেছেন।’ তরুণী জানান, ২০০৭ সালের ১১ জুন গয়ড়া গ্রামের শরিফ হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাঁর স্বামী মাদকাসক্ত হয়ে পড়লে দ্বিতীয় বিয়ে করার হুমকি দিয়ে তাঁর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক হিসেবে আনতে পাঠান। এ সময় মেয়ের সুখের কথা চিন্তা করে বাবা-মা দুই কিস্তিতে ৪৮ হাজার টাকা দেন। এতে তিনি খুশি হতে না পেরে প্রায় সময়ই তাঁর ওপর নির্যাতন চালাতেন। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে তাঁর স্বামী তাঁকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভারতের গুজরাট শহরে নিয়ে যান। সেখানে তাঁর স্বামী বাংলাদেশি নাজমা পারভীন নামের একজন তরুণীর মাধ্যমে তাঁকে যৌনপল্লির এক সর্দারের কাছে ৬০ হাজার রুপিতে বিক্রি করে কৌশলে পালিয়ে আসেন। যৌনপল্লিতে পরিচয় হয় এক বাঙালি তরুণের সঙ্গে। ওই তরুণকে ছয় হাজার টাকা দেওয়ার চুক্তিতে ২০ জুন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। শরিফ হোসেনের বাবা আবদুর রহমান জানান, এ ঘটনা সম্পর্কে তাঁরা কিছু জানেন না। তাঁর ছেলে কিছুদিন আগে তাঁর স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলেন। বর্তমানে কলারোয়া থাকে না। দ্বিতীয় বিয়ে করে যশোর এলাকায় থাকে। শরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। কেউ তাঁর কাছে অভিযোগ করেনি।