পাচারকারীর কবল থেকে ফিরে স্বাবলম্বী
গাইবান্ধা জেলা থেকে গত তিন বছরে অর্ধশতাধিক লোক বিভিন্ন দেশে পাচার হয়েছিলেন। সহায়-সম্বল বিক্রি করে দালালদের হাতে টাকা তুলে দিয়ে শেষে প্রতারিত হয়ে নিঃস্ব অবস্থায় ফিরতে হয়েছে তাঁদের। জীবনের সব স্বপ্ন হারাতে হারাতে শেষ পর্যন্ত আবার ঘুরে দাঁড়িয়েছেন এ রকমই ২৮ যুবক। রাজসিক না হোক, নিজ দেশে এখন তাঁরা স্বাবলম্বী হয়ে কাটাচ্ছেন স্বস্তির জীবন।
গাইবান্ধার বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি দেশের মাটিতেই আবার তাঁদের বেঁচে থাকার পথ দেখায়। সুদবিহীন ঋণ আর উদ্দীপনা জুগিয়ে মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে সংস্থাটি।
সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, মানব পাচার রোধে ২০১০ সাল থেকে জেলায় সংস্থাটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ২০১৪ সালের আগস্টে পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষাবিষয়ক এক বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়। দাতা সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ কার্যক্রমে সহযোগিতা জোগায়। এ পর্যন্ত জেলায় পাচারের শিকার ৫১ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ২৮ জনকে প্রকল্পটির আওতায় সহায়তা দেওয়া হয়েছে। ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারির মধ্যে তাঁদের সহায়তা দেওয়া হয়।
সমিতির সমন্বয়কারী মাছুদুন্নবী লিপন বলেন, জেলা প্রশাসন, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি, জেলা জনশক্তি কার্যালয়, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীদের মাধ্যমে পাচারকারীদের কবল থেকে ফিরে আসা যুবকদের খুঁজে বের করা হয়। পরে তাঁদের চাহিদা অনুযায়ী এককালীন সুদবিহীন অনুদান দিয়ে ও উদ্দীপনা জুগিয়ে সহায়তা করা হয়।
সংস্থাটির কাছ থেকে সহায়তা পাওয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের হাবিবুর রহমান (৩৫)। দরজির কাজ করে পাঁচ সদস্যের সংসার চালাতেন। জমিজমা বিক্রি করে ২০১৩ সালের অক্টোবরে এক দালালকে তিন লাখ টাকা দেন। ওই দালাল রাজমিস্ত্রির কাজের জন্য তাঁকে ওমান পাঠায়। সেখানে মাসে ৩০ হাজার টাকা বেতন পাওয়ার কথা। কিন্তু ওমানে গিয়ে তাঁকে করতে হয় নর্দমা পরিষ্কারের কাজ। বেতনও অর্ধেক। প্রতিবাদ করলে জুটত চড়-থাপড়ের সঙ্গে গালিগালাজ। এভাবে সাত মাস কাজ করার পর ২০১৪ সালের ১০ মে এক বাংলাদেশির সহায়তায় দেশে ফেরেন তিনি।
হাবিবুর রহমান বলেন, ‘নিঃস্ব হয়ে দেশে ফিরে অর্থাভাবে আগের পেশাও শুরু করতে পারছিলাম না। ওই সমিতি এককালীন সাত হাজার টাকা দিয়ে একটি সেলাই মেশিন কিনে দেয়। দরজির কাজ করে এখন মাসে নয় হাজার টাকার মতো আয় হচ্ছে। এই আয় দিয়ে সংসার চালানোর পর কিস্তিতে সংস্থার ঋণ পরিশোধ করছি।’ তিনি আরও বলেন, এখন তিনি বিশ্বাস করেন, পরিশ্রম করলে দেশের মাটিতেই সোনা ফলানো সম্ভব।
পাচারের শিকার সদর উপজেলার উত্তর গিদারি গ্রামের সাদা মিয়া (৪০)। তিনি বলেন, টেলিভিশন মেরামত করে চার সদস্যের সংসার চালাতেন। বেশি আয়ের আশায় জমিজমা বিক্রি ও ধারদেনা করে সাড়ে তিন লাখ টাকা এক দালালের হাতে তুলে দেন। ২০১৩ সালের অক্টোবরে রাজমিস্ত্রির কাজের জন্য লিবিয়া যান। তিনি বলেন, ‘সেখানে দালাল চক্রের লোকজন অমানবিক পরিশ্রম করাত। প্রতিবাদ করলে মারধর ও পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখাত। শেষে কয়েকজন বাংলাদেশির সহায়তায় ২০১৪ সালের ১৪ মে দেশে ফিরি।’ তিনি বলেন, দেশে ফিরে টাকার অভাবে পুরোনো ব্যবসা আর চালু করতে পারছিলেন না। ছিন্নমূল মহিলা সমিতি আট হাজার টাকার যন্ত্রপাতি কিনে দেয়। বর্তমানে মাসিক আয় ১০ হাজার টাকা।
পাচারের শিকার পলাশবাড়ী উপজেলার নায়ানা নওদা গ্রামের পাপুল মণ্ডলের (৩৩) স্ত্রী মনজিলা বেগম বলেন, ‘আশপাশে দেখি, মানুষ বিদেশ থেকে ফিরে ঘরবাড়ি বানায়। অবস্থা ঘুরে যায়। তাই সবটুকু জমি বিক্রি ও ধারদেনা করে ওকে (পাপুল) কাতারে পাঠাই। কিন্তু গেল সে হাসিমুখে ঠিকই। ফিরল চোখে পানি নিয়ে, নিঃস্ব হয়ে।’
পাপুল মণ্ডল বলেন, ‘কাতারে চাকরি দেওয়ার কথা বলে ২০১৩ সালে উপজেলার বেঙ্গুলিয়া গ্রামের শহিদুল ইসলাম আমার কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা নেন। কাতার বিমানবন্দরে পৌঁছে কোম্পানির লোকের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু কেউ নিতে না আসায় কাতারের আলাদিয়া শহরের একটি মসজিদে অবস্থান করি। শেষে সেখানে নামাজ পড়তে আসা বগুড়ার এক প্রবাসীর সহযোগিতায় ২০১৪ সালে দেশে ফিরি।’ তিনি বলেন, দেশে ফিরে শহিদুলকে ধরতে তাঁর বাড়িতে গেলে পালিয়ে যান তিনি। এ পর্যন্ত আর তাঁকে খুঁজে পাননি। পাপুল বলেন, ‘আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ সময় ছিন্নমূল মহিলা সমিতি নয় হাজার টাকা দেয়। এই টাকা দিয়ে কখনো দই, কখনো ফলের ব্যবসা করছি। বর্তমানে মাসিক আয় ১২ হাজার টাকা।’
এসব বিষয়ে ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান বলেন, সমিতির পাঁচজন কর্মকর্তা ওই ২৮ জন যুবকের ব্যবসা নিয়মিত তদারকি করছেন। এ ছাড়া তাঁদের দেনা পরিশোধ ও ব্যবসায় সাফল্য ধরে রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সমিতির উদ্যোগে খুঁজে বের করা পাচারের শিকার বাকি ২৩ জনকেও স্বাবলম্বী হতে সহায়তা করা হবে বলে জানান তিনি।