বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গত শুক্রবার সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীদের ওপর হামলা চালিয়ে কাঠ ছিনতাইয়ের ঘটনায় গতকাল শনিবার মামলা হয়েছে। মোরেলগঞ্জ থানায় করা এ মামলায় নয়জন চিহ্নিত কাঠ পাচারকারীর নাম উল্লেখসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ।মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন দুই সহোদর পিয়াস গাজী ও গিয়াস গাজী, নূরুজ্জামান, বলাই ও তাঁর দুই ছেলে পল্টু ও পলাশ, কাঞ্চন শিকদার, ফেরদৌস ও মনির হোসেন। এঁদের মধ্যে পিয়াস গাজী ও গিয়াস গাজী বন কর্মকর্তাদের মারধর করার অভিযোগে আরেকটি মামলার আসামি।এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বনকর্মীদের মারধর করেছেন। কাঠ ছাড়াও বনকর্মীদের কাছ থেকে মোবাইল ফোনসেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছেন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।