পাচারকালে তিন মেট্রিক টন রসুন ও ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের সময় প্রায় দুই মেট্রিক টন রসুন ও এক মেট্রিক টন ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার পৃথক অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর চেকপোস্ট থেকে রসুন ও দেবহাটার পারুলিয়া এলাকা থেকে এসব ইলিশ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বিওপির সুবেদার বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সদর উপজেলার আলীপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে গতকাল ভোরে দুই হাজার ১৫০ কেজি রসুন উদ্ধার করেন। এসব রসুনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। পৃথক অভিযানে বিজিবি সদস্যরা দেবহাটার পারুলিয়া এলাকা থেকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এক হাজার ১৩৯ কেজি ইলিশ উদ্ধার করেন। এসব ইলিশের মূল্য প্রায় ১১ লাখ ৩৯ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাজহার জানান, উদ্ধার করা রসুন ও ইলিশ সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।