পাচারকালে বিপন্ন জাতের ১১টি কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় গত রোববার সন্ধ্যায় চটের বস্তায় লুকিয়ে পাচারের সময় স্থানীয় লোকজন ১১টি কচ্ছপ উদ্ধার করেছে। এ সময় মুচলেকা দিয়ে পাচারে জড়িত দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কচ্ছপগুলোকে বন্যপ্রাণী অভয়াশ্রমের একটি কচ্ছপ প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার হাকালুকি হাওরের একটি জলাশয় থেকে গত রোববার বিকেলে দুই ব্যক্তি ১১টি কচ্ছপ শিকার করেন। পরে চটের বস্তায় লুকিয়ে তাঁরা সেগুলো সিলেট নগরে নিয়ে যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে তাঁদের দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁদের আটকে বস্তা খুলে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের লোকজন ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপগুলো সেখান থেকে নিয়ে আসে। পরে ওই দিন রাতে সেগুলোকে ভাটেরা ইউনিয়নের বড়গাঁও গ্রামে পরিবেশ অধিদপ্তরের বন্যপ্রাণী অভয়াশ্রমের কচ্ছপ প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়। পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের কুলাউড়া কার্যালয়ের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ জানান, কচ্ছপগুলো বিপন্ন ফ্ল্যাপসেল টার্টেল জাতের। মানুষের উপদ্রব ও খাদ্যাভাবে হাকালুকিসহ দেশের বিভিন্ন জলাশয়ে এ জাতের কচ্ছপের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।