পাচারে সম্পৃক্ততার অভিযোগে বন কর্মকর্তা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার সংরক্ষিত বন থেকে গতকাল বুধবার দুপুরে গাছ কেটে পাচারের সময় পাঁচ ট্রলার কাঠ আটক করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় কাঠ পাচারের সহযোগিতার অভিযোগে স্থানীয় বন বিটের কর্মকর্তা এইচ এম জলিলুর রহমানকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন। পরে কোস্ট গার্ডের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।কোস্ট গার্ডের সকিনা ক্যাম্পের সি-ম্যান জাকির হোসেন জানান, বনকর্মীদের যোগসাজশে গাছ কেটে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে গতকাল দুপুরে তাঁরা উপজেলার সোনাকাটা বনে অভিযান চালান। এ সময় সোনাকাটার আশারচর সৈকতে একদল বনদস্যু সদ্য কাটা গাছবোঝাই পাঁচটি ট্রলার নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করলে বনদস্যুরা কাঠবোঝাই ট্রলার পাঁচটি ফেলে অপর একটি খালি ট্রলারে করে পালিয়ে যায়।এ সময় অভিযানে সহায়তাকারী স্থানীয় লোকজন গাছবোঝাই ট্রলারের কাছাকাছি স্থানে বিট কর্মকর্তা জলিলুর রহমানকে ঘিরে ফেলে। পরে কোস্ট গার্ডের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফকিরহাট বাজারের বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। এ বিষয়ে জানতে চাইলে বিট কর্মকর্তা জলিলুর রহমান দাবি করেন, তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়নি। তবে কাঠ পাচারে সহযোগিতার অভিযোগ সম্পর্কে তিনি কোনো কথা বলতে রাজি হননি।স্থানীয় লোকজন অভিযোগ করেন, সোনাকাটা বন থেকে প্রতিদিন গড়ে প্রায় ১০০ ট্রলার কাঠ পাচার হচ্ছে। স্থানীয় এক জেলে বলেন, ‘প্রত্যেক মাসে ট্রলারপ্রতি জলিল স্যারেরে (বিট কর্মকর্তা) আড়াই হাজার টাহা দিই। টাহা দেলে ট্রলার চেক হয় না। বড় বড় গাছ লইয়া যাতি পারি।’স্থানীয় বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল ফরাজী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ দিন ধরে একটি চক্র বনের গাছ কেটে উজাড় করছে। বন বিভাগের কর্মকর্তাদের বারবার অবহিত করা হলেও গাছ কাটা বন্ধ হয়নি। সোনাকাটায় ইকোপার্কের কাজ চলছে। বনই যদি না থাকে ইকোপার্ক বা পর্যটনকেন্দ্র হবে কীভাবে?’ কোস্ট গার্ডের সকিনা ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার নজরুল ইসলাম বলেন, গাছ পাচারে সরাসরি সম্পৃক্ততা থাকায় স্থানীয় বিট কর্মকর্তাকে জনতা হাতেনাতে আটক করেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করা হয়েছে।পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাঠ উদ্ধার ও বিট কর্মকর্তা জলিলকে অবরুদ্ধ করার বিষয়টি কোস্ট গার্ড আমাকে জানিয়েছে। আটক করা কাঠ জমা নেওয়ার এবং বিট কর্মকর্তারা জড়িত থাকার বিষয়টি যাচাইয়ের জন্য পটুয়াখালীর সহকারী বনরক্ষক আবদুল মজিদকে সোনাকাটায় পাঠিয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’