পাচারের চেষ্টা উদ্ধার ১২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে ইঞ্জিনচালিত নৌকায় অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় গত রোববার গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া উপকূলীয় এলাকা থেকে ১২২ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মঞ্জুরুল ইসলাম নামের নৌকার এক মাঝিকেও আটক করে পুলিশ। তবে পাচার চক্রের হোতাসহ অনেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।নৌকাটি ছনুয়া এলাকার নুরুল কবির কোম্পানির বলে জানা গেছে। দালাল চক্রের মূল হোতা কক্সবাজার এলাকার খুইল্ল্যামিয়া। এ ছাড়া সিরাজগঞ্জের আজগর, ঝিকরগাছার আলীম, নারায়ণগঞ্জের সাইদ, যশোরের শফি উদ্দিন, রফিক উদ্দিন, নরসিংদীর আজগর অন্যতম চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন ছিদ্দিকী প্রথম আলোকে জানান, ইঞ্জিন নৌকাযোগে ১২২ জনকে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হয়। স্থানীয় চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ জনতার সহায়তায় তাঁদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের যে কজন আটক হয়েছে তাঁরা প্রত্যেকেই রোহিঙ্গা। থানায় মামলা দায়েরের পর দালাল চক্রটিকে অচিরেই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। মোট ১১টি জেলার লোক এখানে রয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে স্বজনের কাছে পৌঁছে দেওয়া হবে বলে পুলিশ জানায়। আটককৃত মাঝি মঞ্জুর আলম জানান, নির্মাণকাজের শ্রমিক কুতুবদিয়ায় নেওয়ার কথা বলে নৌকাটি আট হাজার টাকায় ভাড়া করা হয়েছে। প্রথমে ৪০ জন যাওয়ার কথা থাকলেও পরে এর চেয়ে বেশি লোক নৌকায় ওঠানো হয়।