পাচারের চেষ্টাকালে তক্ষক উদ্ধার আটক ১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের মনসুর সড়ক থেকে পুলিশ গতকাল বুধবার বস্তাবন্দী একটি ‘তক্ষক’ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহাদাত হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুরে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে শাহাদাত ও তাঁর দুই সহযোগী বস্তাবন্দী ‘তক্ষক’ নিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে মনসুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। একই সময় ওই পথ দিয়ে পুলিশের এক কর্মকর্তাকে মোটরসাইকেলে করে যেতে দেখে ‘তক্ষক’ আরোহী ব্যক্তিরা দ্রুত অতিক্রম করার চেষ্টা চালান। সন্দেহ হলে পুলিশ কর্মকর্তা ধাওয়া করে মোটরসাইকেল আটকে শাহাদাতের ছুড়ে ফেলা চটের বস্তায় ‘তক্ষক’ পান। পরে শাহাদাতকে আটক করা হয়। তবে টের পেয়ে অপর দুই সহযোগী সটকে পড়েন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বন্য প্রাণীটিকে গাজীপুরের সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হবে।