পাচারের চেষ্টাকালে তিন শিশু উদ্ধার, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে তিন শিশুকে উদ্ধার ও পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার সকালে জকিগঞ্জের পিল্লাকান্দি সীমান্তে বিজিবির এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অমলসীদ সীমান্ত চৌকির নায়েক সুবেদার আবদুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির সদস্যরা পিল্লাকান্দি সীমান্তে অভিযান চালান। এ সময় পাচারকারীকে আটক ও তাঁর জিম্মা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম শাহাব উদ্দিন ওরফে সাজু (২২)। তাঁর বাড়ি জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ভক্তিপুর গ্রামে। উদ্ধার হওয়া শিশুদের বাড়ি জকিগঞ্জের শরীফগঞ্জ, অমলসীদ ও পিল্লাকান্দি গ্রামে। এর দুটি মেয়ে ও একটি ছেলে। সবার বয়স আট থেকে নয় বছর হবে। বিজিবির ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সাংবাদিকদের জানান, ওই শিশুরা স্থানীয় একটি ওয়াজ-মাহফিল থেকে বাড়ি ফেরার পথে পাচারকারীর খপ্পরে পড়েছিল। শিশুদের পরিবারের জিম্মায় দিতে জকিগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে শাহাব উদ্দিনকে আসামি করে মামলা করা হয়েছে।