পাচারের লক্ষ্যে পাথর মজুদ পাহাড় কেটে রাস্তা
বান্দরবানের টংকাবতীতে বিপুল পরিমাণ প্রাকৃতিক পাথর পাচারের জন্য মজুদ করা হয়েছে। বিভিন্ন পাহাড়ি খাল ও ঝিরি-ঝরনায় মজুদ করা ওই পাথর পাচারের জন্য বড় বড় পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে চোরাকারবারিরা।পানিধারণ ও প্রবাহ নিয়ন্ত্রণকারী পাথরগুলো তুলে নেওয়ায় খাড়া এবং খরস্রোতা খাল-ছড়াগুলো ন্যাড়া হয়ে গেছে। কাংওয়াই হেডম্যানপাড়ার বুংতুই ম্রো ও সিংলগ ম্রো বলেন, ন্যাড়া হয়ে পড়া খাল ও ছড়াগুলো দ্রুত ভরাট হয়ে পানি শুকিয়ে যাবে। তখন পানির অভাবে খাল ও ছড়াগুলোকে ঘিরে গড়ে ওঠা পাড়াগুলোও বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। ফলে ম্রো আদিবাসীদের উচ্ছেদ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো ও বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা (ডিআরও) শাহ নোমান বলেন, প্রশাসন ও কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে টংকাবতী থেকে প্রাকৃতিক পাথর পাচার করছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মকবুল আহম্মদ, আবদুর রহিম, নজির আহম্মদ, কালু মিয়া, আবদুল জব্বারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় লোকজনকে মামলার ভয় দেখিয়ে বেপরোয়া হয়ে উঠেছেন তাঁরা। টংকাবতী খালের চিনিপাড়া থেকে পউলিমুখ পর্যন্ত পাহাড় কেটে পাথর পাচারের রাস্তা তৈরি করা হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ফলে পাথর পাচার গত কয়েক দিন বন্ধ থাকলেও বর্তমানে আবার শুরু হয়েছে। পাথর পাচার বন্ধে প্রশাসন তৎপর না হয়ে বরং বহিরাগত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিনি ম্রোপাড়া থেকে প্রায় ছয় কিলোমিটার রাস্তা কাটা হয়েছে। টংকাবতী খালের পউলিমুখ, ফুলেরতল এলাকা থেকে শুরু করে ও ডেনঝিরির কাংওয়াই হেডম্যানপাড়া পর্যন্ত রয়েছে পাথরের বড় বড় স্তূপ। পাচারকারীদের নিয়োজিত শ্রমিকেরা খাল ও ঝিরি-ঝরনার প্রবাহ থেকে এবং চর ও মাটি খনন করে বিপজ্জনকভাবে পাথর তুলছেন।ফুলেরতল এলাকার নজির আহম্মদ ও নূরুল ইসলাম অভিযোগ করেন, মকবুল উকিল ও আবদুর রহিম যৌথভাবে পাথর আহরণ ও পরিবহন করছেন। তিন-চার মাস ধরে প্রতি রাতে পাঁচ-ছয় ট্রাক করে পাথর সরিয়ে নেওয়া হচ্ছে।মকবুল আহম্মদ ও আবদুর রহিমের কেরানি রফিকুল ইসলামের দাবি, তাঁরা অনুমতি নিয়েই পাথর পরিবহন করছেন। তবে কে এই অনুমতি দিয়েছে, বলতে পারেননি রফিকুল ইসলাম। পাহাড় কাটার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আগে থেকে সেখানে রাস্তা ছিল। পাহাড়ের ভরাট হওয়া অংশগুলো মুছে ফেলা হয়েছে। এখন পারমিট না পেলে আর পাথর আহরণ ও পরিবহন করা হবে না। পাহাড় কাটার অভিযোগ অস্বীকার করে মকবুল আহম্মদ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, কে বা কারা পাহাড় কেটেছে তিনি জানেন না। নিলামে পাওয়া কোয়ারি থেকে তাঁরা পাথর নিয়ে এসেছেন।বিভাগীয় বন কর্মকর্তা তোছিবুল বারী খান বলেন, টংকাবতীর সাতটি স্থানে প্রায় সোয়া এক লাখ ফুট পাথর নিলামে বিক্রি করা হলেও এখনো সেগুলো পরিবহনের অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসনের দেওয়া মেয়াদোত্তীর্ণ অনুমতিপত্র দেখিয়ে কেউ পাথর পাচার করে থাকতে পারে। বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গত ২৭ জানুয়ারি অভিযানের পর থেকে পাথর পাচার বন্ধে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। বরং পরিবেশগত তদন্ত বা সমীক্ষা ছাড়া গত মাসে লামা, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলায় আরও চার লাখ ৯০ হাজার ঘনফুট পাথর আহরণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বন বিভাগের দুই কর্মকর্তা-কর্মচারীসহ তিনজনকে গত ২৭ জানুয়ারি গ্রেপ্তার করলেও পরে তাঁরা জামিনে ছাড়া পেয়েছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল আলম বলেন, পাথর আহরণের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও সংশ্লিষ্ট ইউএনওর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তা কার্যকর হবে। পাথর পাচারের কথা স্বীকার করে শহীদুল আলম বলেন, রক্ষা করা সম্ভব নয় বলেই অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে সরকার কিছু রাজস্ব আয় করতে পারবে। তবে পাথর পাচারের জন্য পাহাড় কেটে রাস্তা তৈরির বিষয়টি তাঁর জানা নেই।