পাচারের শিকার আরও ছয়জন ফিরলেন মালয়েশিয়া থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মানব পাচারের শিকার আরও ছয় বাংলাদেশি গতকাল বুধবার মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসেছেন। এ নিয়ে মানব পাচারের শিকার মোট ৪৯৭ জন বাংলাদেশি মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, গতকাল বিকেলে যশোরের সৌরভ হোসেন, নরসিংদীর জাকির হোসেন, সিরাজগঞ্জের আবদুস সালাম, কুমিল্লার মোহাম্মদ শামীম, চট্টগ্রামের মোহাম্মদ তৈয়ব ও কক্সবাজারের নুরুল আজিজ দেশে ফিরে আসেন।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে ওই ছয় বাংলাদেশি দেশের উদ্দেশে রওনা হন। বিকেলে তাঁরা ঢাকায় পৌঁছান। এই ছয়জনসহ এ নিয়ে মোট ৪৯৭ জন বাংলাদেশি দেশে ফিরলেন।
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় গত ১১ মে মালয়েশিয়ার লংকাবি দ্বীপের উপকূল থেকে প্রায় এক হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৭১৬ জনকে বাংলাদেশি বলে শনাক্ত করা হয়। ওই ৭১৬ জনের নামের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়। এরপর তাঁদের পরিচয় সম্পর্কে যাচাই-বাছাই করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।