পাচারের শিকার আরও নয়জন মালয়েশিয়া থেকে আজ ফিরছেন
সাগরপথে পাচারের শিকার আরও নয়জন বাংলাদেশি আজ বুধবার মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন। এর আগে মানব পাচারের শিকার ৪৯৭ জন বাংলাদেশি ওই দেশ থেকে ফিরেছেন।
আজ যাঁরা দেশে ফিরবেন তাঁরা হলেন যশোরের মো. ইসলাম, মো. আজিম, রফিকুল ইসলাম, ঝিনাইদহের মনির হোসেন, কক্সবাজারের সেলিম উদ্দিন, চুয়াডাঙ্গার আলিম, সুনামগঞ্জের আলী আমজাদ, নরসিংদীর মো. আপন ও ফেরুবা।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বুধবার দুপুরে এই নয়জন মালয়েশিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হবেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা ঢাকায় পৌঁছাবেন। এই নয়জন ফিরলে মোট ৫০৬ জন বাংলাদেশি দেশে ফিরবেন। এ ছাড়া এখনো ফেরার অপেক্ষায় আছেন ১৯২ জন।
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় গত ১১ মে মালয়েশিয়ার লংকাবি দ্বীপের উপকূল থেকে প্রায় ১ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৭১৬ জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়। ওই ৭১৬ জনের নামের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে পাঠানো হয়। এরপর তাঁদের পরিচয় সম্পর্কে যাচাই-বাছাই করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।