লক্ষ্মীপুরের রামগতি থানার পুলিশ গত বুধবার বিকেলে পাচারের সময় রামগতি-লক্ষ্মীপুর সড়কের চরসীতা এলাকা থেকে একটি ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ২০৬ বস্তা (১০ হাজার ১৪৭ কেজি) গম আটক করেছে। এ ঘটনায় ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৯১১) চালক জসিম উদ্দিন ও তাঁর সহকারী আবুল বাসারকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক ও তাঁর সহকারী এবং পৌর যুবলীগের সদস্য, খাদ্য অধিদপ্তরের ডিলার সোয়াইব খোন্দকার ও তৌহিদুল ইসলামের বিরুদ্ধে বুধবার রাতে রামগতি থানায় মামলা হয়েছে। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ উল্যাহ এ মামলা করেন।উপজেলা খাদ্য গুদাম থেকে কোনো খাদ্য পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল-আমিন গত বৃহস্পতিবার উপজেলা খাদ্য গুদাম সিলগালা করে দিয়েছেন।আটকের সময় চালকের কাছ থেকে উদ্ধার করা মালের চালান রশিদের বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাখন লাল রায় জানান, উপজেলা সদর চর আলেকজান্ডারের ডিলার সোয়াইব খোন্দকার ২০৬ বস্তা (প্রায় ১০ হাজার ১৪৭ কেজি) সয়াবিন নোয়াখালীর চৌমুহনী বাজারের রোকেয়া ফ্লাওয়ার মিলে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আটকের পর দেখা যায়, ওই ট্রাকে সয়াবিনের নাম করে খাদ্য অধিদপ্তরের গম পাচার করা হচ্ছিল। ওই সব গমের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, চর আলেকজান্ডার ইউনিয়নের বাংলাবাজারে নিয়োগ করা ডিলার তৌহিদুল ইসলাম গত বুধবার দুপুরে খাদ্য গুদাম থেকে ১০ মেট্রিক টন গম তুলে সোয়াইব খোন্দকারকে দেন। তিনি ওই গম পাচার করছিলেন।খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ উল্যাহ গত বৃহস্পতিবার দুপুরে দাবি করেন, তৌহিদুল ইসলাম ১১ এপ্রিল সোমবার খাদ্য গুদাম থেকে ১৩ দশমিক ১১৬ মেট্রিক টন গম তুললেও পরিবহনের ব্যবস্থা করতে না পেরে ১৪ এপ্রিল বুধবার তা গুদাম থেকে বের করে নেন।এ ব্যাপারে বক্তব্য জানতে তৌহিদুল ইসলাম ও সোয়াইব খোন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল-আমিন গত বৃহস্পতিবার দুপুরে জানান, অনিয়মের বিষয় খতিয়ে দেখতে উপজেলা খাদ্য গুদাম এবং সুফিয়া বাজারের আবদুল কাইয়ুম ও রামদয়াল বাজারের সাইফুল মাওলার গুদাম সিলগালা করা হয়েছে।