পাচারের সময় দুই কোটি টাকার ফার্নেস তেল জব্দ, আটক ২৩
রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিবেশক প্রতিষ্ঠান পদ্মা অয়েলের ডিপো থেকে পাচার হওয়ার সময় তিন লাখ ৪০ হাজার লিটার ফার্নেস তেল জব্দ করেছে র্যাব। এই তেলের বর্তমান বাজারদর দুই কোটি টাকার বেশি। গত রোববার রাত ১১টায় নগরের ডবলমুরিং থানাধীন মাঝিরঘাট এলাকা থেকে এই তেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ২৩ জনকে আটক করেছে র্যাব। জানা গেছে, সরকার প্রতি লিটার ফার্নেস তেল ১২-১৩ টাকা ভর্তুকি দিয়ে ৬০ টাকা করে বিক্রি করছে। প্রকৃত মূল্যের চেয়ে বাজারদর কম হওয়ায় চোরাই বাজারে এই তেলের কদর বেশি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। অভিযানের বর্ণনা দিয়ে র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মো. রাকীবুল আমীন প্রথম আলোকে বলেন, ‘তিন দিন ধরে আমরা পদ্মা অয়েলের ডিপোর ওপর নজরদারি করছিলাম। রোববার রাতে অনেকগুলো ভাউজারে তেল ভরে পাচারকারীরা গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। পদ্মা অয়েলের নিবন্ধন বইয়ে গন্তব্য লেখা ছিল স্টিল মিল। কিন্তু স্টিল মিলের পরিবর্তে তেলের ভাউজারগুলো মাঝিরঘাটের দিকে চলে যায়। ভাউজারগুলোকে আমরা অনুসরণ করে মাঝিরঘাটে জব্দ করি।’ ভাউজারচালক শের আলী সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকার একটি শিপইয়ার্ড থেকে এই ফার্নেস তেল আনা হয়। সাংবাদিকদের কাছে একই দাবি করেছেন মাঝিরঘাটের জাহাজের কর্মচারী আবদুর রশিদ। তাঁর দাবি, সীতাকুণ্ডের বিভিন্ন শিপইয়ার্ড থেকে ফার্নেস তেল সংগ্রহ করে মাঝিরঘাটে আনা হয়েছে। সেখান থেকে দেশের বিভিন্ন ইটভাটায় তা সরবরাহ করার কথা ছিল। মেজর রাকীবুল ভাউজারচালক শের আলী ও রশিদের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রোববারের রাতের পাচারের সঙ্গে পদ্মার কিছু লোক জড়িত থাকতে পারে। কারণ, যে তেল আমরা জব্দ করেছি, তা পদ্মার ডিপো থেকে পাচার হয়েছে, যার নিবন্ধন বই, চালানের ফটোকপি ও অন্যান্য কাগজপত্র আমরা সংগ্রহ করেছি। পাচারে জড়িত পদ্মার লোকজনকে চিহ্নিত এবং ধরতে আমাদের তদন্ত চলছে।’ র্যাব সদস্যরা গত রোববার রাতে ঘটনাস্থল থেকে ১৩টি ভাউজার জব্দ করে। এই ১৩টি ভাউজারে করে পদ্মার ডিপো গুপ্তখাল এলাকা থেকে ফার্নেস তেল পাচার হয়। পরে ভাউজারের তেল মাঝিরঘাটে অপেক্ষমাণ ‘ওটি প্রিয়াংকা’ নামে একটি অয়েল ট্যাংকারে ঢোকানো হচ্ছিল। ঘাটের সামনে ‘পদ্মা’ ও ‘যমুনা’ নাম লেখা অনেকগুলো ভাউজার সারিবদ্ধভাবে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, দেশের বিদ্যুৎকেন্দ্র, সব ধরনের শিল্পকারখানা এবং পানির জাহাজের জ্বালানি হিসেবে ফার্নেস তেল ব্যবহার হয়। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা সারা দেশে ফার্নেস তেলের পরিবেশক। র্যাব সূত্র জানায়, চোরাই ফার্নেস তেল মাঝিরঘাটে অপেক্ষমাণ তেলের ট্যাংকারে ভরে দেওয়া হতো। সেখান থেকে বিদেশি জাহাজে বিক্রি করে দিয়ে মোটা অঙ্কের অর্থ আয় করে আসছিল পাচাকারীরা। এতে সরকারের ভর্তুকির কোটি কোটি টাকা পাচারকারীদের পকেটে চলে যেত। চট্টগ্রামের একজন ফার্নেস তেল বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বছরের পর বছর ধরে ফার্নেস তেল চোরাইপথে বিক্রি হচ্ছে। এর সঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির তিন প্রতিষ্ঠানের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত আছেন। র্যাব কর্মকর্তা মেজর রাকীবুল জানান, পদ্মা ছাড়াও মেঘনা ও যমুনার ডিপো থেকে ফার্নেস তেল পাচার হচ্ছে বলে তাঁদের কাছে তথ্য আছে। অভিযান ও তদন্তে সবকিছু ধরা পড়বে।