পাচারের সময় ৭৩টি কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারের সময় গতকাল সোমবার ৭৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপগুলো একটি লাগেজে ছিল।ওই লাগেজের মালিক পালিয়ে গেলেও এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াছিন (৪৫), মো. সবুজ (২২) ও মো. সোহাগ (২৩) নামের তিনজনকে আটক করা হয়েছে। আর্মড পুলিশ (এপিবিএন), কাস্টমস ও সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে কচ্ছপগুলো উদ্ধার এবং ওই তিনজনকে আটক করেন।বিমানবন্দর সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একজন যাত্রী বিমানবন্দরের ৩ নম্বর বহির্গমন ফটক দিয়ে প্রবেশ করেন। তাঁর লাগেজ স্ক্যান করার সময় দায়িত্বরত স্ক্যানিং অপারেটর ও কাস্টমস কর্মকর্তার সন্দেহ হয়। ওই যাত্রীকে লাগেজ খুলতে বলা হলে তিনি জানান, চাবি নেই। চাবি আনার কথা বলে তিনি ৩ নম্বর ফটক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আর্মড পুলিশের এক মহিলা সদস্য তাঁকে ধরার চেষ্টা করেন। কিন্তু ওই যাত্রী ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ওঠার পরপরই গাড়িটি চলতে শুরু করে। আর্মড পুলিশের সদস্যরা গাড়িটিকে ৬ নম্বর ফটকের বাইরে থামাতে সক্ষম হলেও গাড়ি থেকে নেমে ওই যাত্রী পালিয়ে যান। পরে তাঁর লাগেজ খুলে ভেতরে চারটি কাপড়ের থলেতে চার প্রজাতির ৭৩টি কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপগুলো থাইল্যান্ড বা সিঙ্গাপুরে পাচার করা হচ্ছিল।গত এপ্রিল ও আগস্ট মাসে এ রকম প্রায় ২০০ কচ্ছপের চালান আটক করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা।