পাজেরো জিপ থেকে চোরাই সেগুন কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলগঞ্জে পাজেরো জিপে করে সেগুন কাঠ পাচারকালে চালকসহ জিপটি আটক করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকা থেকে জিপটি আটক করা হয়।কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ সূত্রে জানা গেছে, ভোরে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নানের সহায়তায় কুরমা বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব আল মুমিন বাঘাছড়া চা বাগান এলাকায় সন্দেহ করে কালো কাচওয়ালা ওই জিপটি আটক করেন। পরে তল্লাশি করে জিপের ভেতর থেকে ১৭ ঘনফুট (১১ টুকরো) চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিপের চালক সেলিম মিয়াকে (২৭) আটক করা হয়। উদ্ধার করা কাঠের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা বলে বন বিভাগ সূত্র জানায়।রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা নূরুল ইসলাম জানান, এ ব্যাপারে বন আইনে মামলা হবে। আটক জিপচালক সেলিম মিয়া সাংবাদিকদের জানান, জিপের মালিক সিলেটের সুবিদবাজার এলাকার সড়ক ও জনপথের ঠিকাদার বোরহান উদ্দীন।