পাঞ্জাবিতে দেশীয় ব্র্যান্ডেই আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকার একটি বিপণিকেন্দ্রে পাঞ্জাবি পছন্দে ব্যস্ত এক ক্রেতা। গতকাল বিকেলে তোলা ছবি  l প্রথম আলো
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকার একটি বিপণিকেন্দ্রে পাঞ্জাবি পছন্দে ব্যস্ত এক ক্রেতা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

ঈদের বাজারে ভারত কিংবা পাকিস্তান থেকে আমদানি করা মেয়েদের পোশাকের আধিপত্য এখনো রয়ে গেছে। তবে ছেলেদের পোশাকের ক্ষেত্রে উল্টো। দেশীয় ব্র্যান্ডের পাঞ্জাবিতেই আগ্রহ ক্রেতাদের।

নগরের কয়েকটি বিপণিকেন্দ্র ও ফ্যাশন হাউস ঘুরে দেখা গেছে, দেশীয় ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানেই ভিড় বেশি। তবে গতবারের তুলনায় এবার বিক্রি এখনো কম। বিক্রেতারা আশায় আছেন শেষ চার-পাঁচ দিনের। কারণ, পাঞ্জাবির বেচাকেনা বেশি হয় শেষ দিকে।

এবারও শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য বাহারি রং ও নকশার পাঞ্জাবি এনেছে বিভিন্ন ফ্যাশন হাউস। চট্টগ্রামের ব্র্যান্ড শৈল্পিক, নক্ষত্র, বাঙালি বাবুসহ ফ্যাশন হাউসগুলো পাঞ্জাবির নকশায় এনেছে নতুনত্ব। এ ছাড়া নজরকাড়া পাঞ্জাবির বিপুল সংগ্রহ রয়েছে দেশি দশ, আড়ং, লুবনানের মতো দেশি ফ্যাশন হাউসে।

নগরের বিপণিবিতান, সানমার ওশান সিটি, আফমি প্লাজাসহ বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে, এবার পাঞ্জাবির হাতায় ও শরীরে দুই রঙের ব্যবহারে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। বরাবরের মতো সুতির কাপড়ের প্রাধান্য রয়েছে। পাশাপাশি ক্রেতাদের পছন্দের তালিকায় আছে সিল্ক, অ্যান্ডি সিল্ক, তাঁত ও লিলেন কাপড়ের বৈচিত্র্যময় পাঞ্জাবিও। রঙের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে সাদা। তবে উজ্জ্বল নানা রঙের পাঞ্জাবিও রয়েছে।

গত সোমবার প্রবর্তক মোড়ের বিপণিকেন্দ্র আফমি প্লাজার তৃতীয় তলার একটি দোকানে পাঞ্জাবি বাছাই করছিলেন ব্যবসায়ী মাহফুজুর রহমান। তিনি প্রথম আলোকে জানান, এক রঙের এবং হাতায় ও বুকে হালকা কাজের পাঞ্জাবিই তাঁর পছন্দ। এখনো দেখছেন, পছন্দ হলেই কিনবেন।

আফমি প্লাজায় দেশি দশের শোরুমে দেখা যায় ক্রেতার ভিড়ে ঠাসা। বেশির ভাগ তরুণ-তরুণী। দেশি দশে সাদা-কালো, বিশ্ব রঙ, কে ক্র্যাফট, অঞ্জনসসহ ১০টি ফ্যাশন হাউসের পাঞ্জাবির নকশায় বৈচিত্র্য দেখা গেছে। বিশ্ব রঙের পাঞ্জাবিতে এবার স্থান পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী স্থান।

বিশ্ব রঙের শোরুমের বিক্রয়কর্মী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রিন্টের পাঞ্জাবিতে ঢাকার ঐতিহ্যবাহী স্থান উঠে এসেছে। তরুণেরাই এসব পাঞ্জাবি বেশি পছন্দ করছেন।

বিক্রেতারা জানান, দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা দামের পাঞ্জাবিই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকার পাঞ্জাবিও চলছে।

ফ্যাশন হাউস শৈল্পিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ইলিয়াছ প্রথম আলোকে বলেন, এবার রোজায় বেশির ভাগ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্রেতারা স্বচ্ছন্দভাবে বাজার করতে পারেননি। গতবারের চেয়ে বিক্রিও এখনো কম। পাঞ্জাবির বেচাকেনা কেমন হচ্ছে, তা এ সপ্তাহের ওপর নির্ভর করছে।