পাট অধিদপ্তর ও চালকল মালিকদের দুই তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি বাজারজাতের ক্ষেত্রে আজ সোমবার থেকে পাটের বস্তা বাধ্যতামূলক হচ্ছে। চালকল মালিকদের দাবি, এর ফলে চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা বেড়ে যেতে পারে। কারণ হিসেবে তাঁরা বলছেন, পাটের বস্তা ব্যবহারের কারণে মোড়কজাতকরণের খরচ ৩০ থেকে ৫৫ টাকা বেড়ে যাবে। দাম বেড়ে যাওয়ার পাশাপাশি পাটের বস্তার সরবরাহ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন চালকলের মালিকেরা।
দেশের সর্বাধিক চাল উৎপাদনকারী জেলা নওগাঁর চাল ব্যবসায়ীরা বলছেন, বস্তার সরবরাহ চাহিদার চেয়ে কম। বস্তা ক্রয়ের জন্য ডিলারই খুঁজে পাচ্ছেন না। চাহিদা অনুযায়ী পাটের বস্তা না পাওয়ার অভিযোগ রয়েছে কুষ্টিয়া ও দিনাজপুরের চাল ব্যবসায়ীদেরও।
তবে সরকারের পাট অধিদপ্তর বলছে, তাদের হাতে বর্তমানে তিন কোটি বস্তা মজুত রয়েছে। তাই সংকটের কোনো আশঙ্কা নেই। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কেফায়েত উল্লাহ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এক মাসের পাটের বস্তার সম্ভাব্য চাহিদাকে সামনে রেখে তিন কোটি বস্তা মজুত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ১৫ লাখ বস্তার ক্রয়াদেশ পাওয়া গেছে। সুতরাং বস্তার সংকটের কোনো আশঙ্কা নেই।
পণ্যের মোড়কজাতকরণে পাটের বস্তার ব্যবহার তদারকির জন্য পাট অধিদপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি মোবাইল দল গঠন করা হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে পুরো বিষয়টি তদারকির জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে ইতিমধ্যে তদারকি কমিটিও গঠন করা হয়েছে।
কেফায়েত উল্লাহ জানান, কেন্দ্রীয়ভাবে গঠিত মোবাইল দলের সদস্যরা ঢাকার বড় বাজারগুলোতে অভিযানের পাশাপাশি ঢাকার তিন প্রবেশপথে তদারকি কার্যক্রম চালাবেন।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘পাটের বস্তা ব্যবহারের ফলে মিলগেটে মিনিকেট চালের দাম কেজিতে দুই টাকা ও মোটা চালের দাম দেড় থেকে দুই টাকা বাড়বে। মিলগেটের দুই টাকার বাড়তি দাম ভোক্তা পর্যায়ে গিয়ে চার টাকা হয়ে যেতে পারে। কারণ মোড়কজাতকরণে ব্যবহৃত পলিথিনের ব্যাগের দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। কিন্তু এখন ৪৫ থেকে ৭২ টাকা দামের পাটের বস্তা ব্যবহার করতে হচ্ছে।
নওগাঁর চালকল মালিক গ্রুপের সভাপতি তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাটের বস্তা বিক্রির জন্য জেলায় মাত্র দুজন ডিলার রয়েছেন। তাঁদের কাছেও পর্যাপ্ত বস্তা পাওয়া যাচ্ছে না।
জেলার চাল আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিরোধ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, চাহিদার ২০ শতাংশ বস্তারও সরবরাহ নেই। পাটের (৩৫০ গ্রাম) বস্তার যে দাম সরকার ৪৫ টাকা বেঁধে দিয়েছে বাজার থেকে সেটি কিনতে হয়েছে ৫৪ টাকায়।
দিনাজপুর চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজা হুরমায়ূন ফারুক প্রথম আলোকে বলেন, চালকল মালিক ও ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত মেনে পাটের বস্তা ব্যবহার করার ব্যাপারে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু চাহিদা অনুযায়ী বাজারে পাটের বস্তা পাওয়া যাচ্ছে না।
এদিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ চাল উৎপাদনকারী জেলা কুষ্টিয়ায় গতকাল ‘পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়ন ও তদারকি কমিটির সভা হয়েছে। তাতে চালকলের মালিকেরা অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত এজেন্টদের কাছ থেকে তাঁরা পাটের বস্তা পাননি। এমনকি কীভাবে বস্তা সংগ্রহ করবেন সে বিষয়েও সুনির্দিষ্টভাবে কিছু জানেন না। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আবদুর রশিদও উপস্থিত ছিলেন। মিল মালিকেরা জানান, কুষ্টিয়ায় ছোট-বড় প্রায় ৫০০টি চালকল রয়েছে। প্রতিদিন গড়ে ৭৫ হাজার ব্যাগ লাগে।
চালকলের মালিকদের এমন অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক সভায় উপস্থিত পাট অধিদপ্তরের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।
পাটের বস্তার সরবরাহ-সংকটের বিষয়ে জানতে চাইলে পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক কেফায়েত উল্লাহ বলেন, যেহেতু আইনের বাধ্যতামূলক বাস্তবায়নটি সবে শুরু হচ্ছে, তাই বস্তার সরবরাহ চ্যানেলে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। এ সমস্যা দ্রুতই কেটে যাবে।

সহযোগী প্রতিবেদক: নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান ও দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ সরকার।