পাট ও কাপড়ের গুদামে আগুন
নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে একটি পাট ও একটি কাপড়ের গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের শহীদ তুলশিরাম সড়কের ওই গুদামগুলোতে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।আগুন নেভাতে গিয়ে ফয়সাল (২৪) নামের যুবক আহত হন। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ব্যবসায়ী মো. সালাহ উদ্দিনের কাপড়ের গুদামে প্রথম আগুন দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সৈয়দপুর ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। কিন্তু আগুন ততক্ষণে ছড়িয়ে পড়তে থাকে। ব্যবসায়ী মতিয়ার রহমানের পাটের গুদামেও আগুন ছড়িয়ে পড়লে গুদামটিও ভস্মীভূত হয়ে যায়। পরে রংপুর, দিনাজপুর, পার্বতীপুর ও নীলফামারী থেকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ সময় পাশের গুদামের ছাদ থেকে পানি ঢালতে গিয়ে ফয়সাল নামের এক যুবক পা পিছলে নিচে পড়ে যান। আহত ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়। ৬ ঘণ্টা চেষ্টার পর রাত চারটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে দমকল বাহিনী রাতেই এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিতে রয়েছেন রংপুর অঞ্চলের সহকারী পরিচালক (এডি) নিত্য গোপাল। তিনি জানান, প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।