পাট ও ছত্রাকের মেধাস্বত্ব অর্জনের পথে বাংলাদেশ
মৃতপ্রায় পাটশিল্প আর হাল ছেড়ে দেওয়া পাটচাষি। এই ছিল ২০১০ এর আগের এক দশকজুড়ে বাংলাদেশের পাট নিয়ে পরিচিতি। ২০১০-এর ১৬ জুনে বাংলাদেশের পাট নিয়ে কীর্তির এক নতুন অধ্যায়ের কথা জানল বিশ্ব। বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলম ও তাঁর দল পাটের জীবনরহস্য উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিল।
এরপর ২০১২-তে পাটসহ বিশ্বের ৫০০টি উদ্ভিদের প্রধান শত্রু ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করল মাকসুদুলের দল। আর সর্বশেষ ২০১৩-এর আগস্টে সাদা দেশি পাটের জীবনরহস্য উন্মোচনের মধ্য দিয়ে পাট বললেই বিশ্ব যে এখন বাংলাদেশকে বোঝে, তার ষোলকলা পূর্ণ হলো। এসব কৃতিত্বের প্রধান কারিগর ওই বিজ্ঞানী গত শনিবার রাতে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন।
তবে যাওয়ার আগে আরেকটি বড় সম্পদ দেশের জন্য রেখে গেছেন মাকসুদুল আলম। পাটের দুটি জাত ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের ফলাফলের স্বীকৃতি ও জ্ঞানতাত্ত্বিক স্বত্বাধিকার নিশ্চিত করার পথেও দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন তিনি।
পাটের দুটি ও ছত্রাকের জীবনরহস্য উদ্ভাবনের ওপর মোট সাতটি বিষয়ের মেধাস্বত্বের জন্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষের কাছে আবেদন করে গেছেন মাকসুদুলের দলের আইনজীবীরা। এর মধ্যে দুটি মেধাস্বত্ব পাওয়ার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। মেধাস্বত্ববিষয়ক আইনি পরিভাষায় প্রাথমিক ধাপ অতিক্রম করাকে বলে জাতীয় ধাপ অতিক্রম করা। অর্থাৎ এই উদ্ভাবনের মেধাস্বত্ব যে বাংলাদেশের, তা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে। এই মেধাস্বত্বের নিবন্ধন পেতে বাংলাদেশকে আর এক-দেড় বছর অপেক্ষা করতে হবে।
আরও তিনটি বিষয়ের মেধাস্বত্বের জাতীয় স্বীকৃতির যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। আর দুটি বিষয়ের আবেদন আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ বাংলাদেশের কাছ থেকে গ্রহণ করেছে। ওই সাতটির মধ্যে পাঁচটির মেধাস্বত্ব অর্জনের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী, বাংলাদেশ মেধাস্বত্ব সহযোগিতা চুক্তির জন্য আবেদন করেছে।
মেধাস্বত্বের নিবন্ধন এবং ডব্লিউটিওর চুক্তিতে অন্তর্ভুক্ত হলে পাট এবং ছত্রাকবিষয়ক বিশ্বে যত ধরনের গবেষণা হবে, তার মূল মেধাস্বত্ব বাংলাদেশের হাতে থাকবে। এ ছাড়া ওই উদ্ভাবনকে কাজে লাগিয়ে কোনো বাণিজ্যিক পণ্য উৎপাদন হলে তা থেকে বাংলাদেশ আর্থিক অংশীদারত্ব পাবে।
এ ব্যাপারে জানতে চাইলে পাটের মৌলিক এবং প্রায়োগিক গবেষণা প্রকল্পের আইনি উপদেষ্টা মোহাম্মদ মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পাট ও ছত্রাকের দুটি বিষয়ে মেধাস্বত্বের নিবন্ধন পেতে পারে বাংলাদেশ। বাকি পাঁচটির নিবন্ধন পেতে আরও দু-তিন বছর লাগতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এই মেধাস্বত্বের মালিক হবে বলে জানান তিনি।
মাকসুদুল আলম শুধু নিজেই গবেষণা কাজ নিয়ে এগিয়ে যাননি। দেশের তরুণ প্রজন্মের মধ্যে জিন বিজ্ঞানী তৈরির কাজেও অনেক দূর অগ্রসর হয়েছিলেন। পাট গবেষণা ইনস্টিটিউটের আওতায় একটি বায়োটেকনোলজি সেন্টার স্থাপন হয়েছে তাঁর উদ্যোগে। সেখানে বিশ্ব মানের গবেষণার সব ধরনের ব্যবস্থা রয়েছে। এক ঝাঁক তরুণ জিন বা জেনোম বিজ্ঞানীও তৈরি করে গেছেন তিনি।