পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাজার হুমকির মুখে: পাটমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাজার বর্তমানে হুমকির মুখে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ জন্য তিনি ১০টি কারণও উল্লেখ করেন। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আফ্রিকা মহাদেশে ক্রপ হার্ভেস্টিংয়ের তারতম্যের কারণে পাটের চাহিদার ক্রমেই অবনতি হচ্ছে। পাটজাত পণ্য আমদানিকারক দেশ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাহিদা থাকা সত্ত্বেও বৈদেশিক মুদ্রার সংকটের কারণে পাট বিক্রির পরিমাণ দিন দিন কমে আসছে। নিয়মিতভাবে জাহাজ না পাওয়া, মাদার ভেসেল বাংলাদেশ বন্দরে না আসতে পারা, ফিডার জাহাজের অপ্রতুলতা, ফিডার জাহাজগুলোর সময়সূচি ঠিকমতো প্রতিপালিত না হওয়া, বিভিন্ন দেশ কর্তৃক পাটজাত পণ্য আমদানির ওপর শুল্ক এবং ট্রেড ব্যারিয়ার ও ট্যারিফ আরোপ করা, জাহাজ ভাড়া স্থিতিশীল না হওয়া, বন্দরে কনটেইনারে পণ্য স্টাফিংয়ের বেলায় উন্নত প্রযুক্তি না থাকা এবং বাংলাদেশ থেকে ভারতে পাট রপ্তানিতে ভারত সরকার কর্তৃক ট্যারিফ আরোপ করার কারণে পাটের রপ্তানি বাজার হুমকির মুখে পড়েছে। 

এ বি এম আবুল কাশেমের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, বিশ্বের মোট রপ্তানি করা পাটজাত পণ্যের মধ্যে ৬০ শতাংশ বাংলাদেশ রপ্তানি করলেও পাটজাত পণ্যের চাহিদা হ্রাস পেয়েছে। যে কারণে বাংলাদেশের রপ্তানির পরিমাণও কমেছে।

ফরিদা আখতারের প্রশ্নের জবাবে আব্দুুল লতিফ সিদ্দিকী বলেন, বিজেএমসি নিয়ন্ত্রিত ২৩টি সরকারি পাটকলের মধ্যে ছয়টির কাছে কৃষকের পাওনা টাকার পরিমাণ ৬৭ কোটি টাকা।

এইচ এম গোলাম রেজা হাবিবের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, বিজেএমসি নিয়ন্ত্রিত ১২টির লোকসানের পরিমাণ ৬৬ কোটি ৭৬ লাখ টাকা।

কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে মেয়াদ উত্তীর্ণ ও লক্কড়-ঝক্কড় গাড়ি চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে পরিবেশবান্ধব গাড়ি চলাচলের ব্যবস্থা করার পরিকল্পনা সরকারের আছে। হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, মিশুকের প্রতিস্থাপন হিসেবে দুই হাজার ৬৯৬টি অটোরিকশা নিবন্ধন দেওয়ার জন্য জমা হওয়া আবেদনপত্র বাছাইয়ের কাজ চলছে। আসমা জেরিনের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার বিআরটি লেন নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দর থেকে আশুলিয়া সড়কের পাশ দিয়ে চন্দ্রা পর্যন্ত ৩৮ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে এবং এ জন্য আগ্রহী বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে।

রহমত আলীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বিএনপি-জামায়াতের হরতালের নাশকতামূলক কর্মকাণ্ডে রেলের ২৪ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধ্বংসাত্মক কাজের জন্য ৬৭টি মামলায় ২১৭ ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের পাঠানো হয়েছে।

অপু উকিলের প্রশ্নের জবাবে মুজিবুল হক জানান, বাংলাদেশ রেলে ২৮০টি লোকোমোটিভ আছে। এর মধ্যে ২০৬টির গড় অর্থনৈতিক আয়ুষ্কাল ইতিমধ্যে শেষ হয়েছে।