পাট গবেষণায় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
পাট গবেষণায় নিয়োজিত বিজ্ঞানীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ এবং আধুনিক পাট জাগ (পচন) পদ্ধতি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ আশ্বাস দেন। খবর বাসসের। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিবিড় গবেষণার মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞানীরা সারা বছর ধরে উৎপাদন উপযোগী এবং খরা, লবণাক্ততা ও শীত-সহিষ্ণু পাটের জাত উদ্ভাবনে সক্ষম হবেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা পাটের বংশগতির বিন্যাস (জেনোম সিকোয়েন্স) উদ্ভাবন করায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাঁরা উচ্চ ফলনশীল ও বালাই প্রতিরোধক এবং সারা বছর ধরে উৎপাদন উপযোগী পাটের জাত উদ্ভাবনে সক্ষম হবেন।’শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার পাট ও পাটজাত পণ্যকে দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করতে পাটের বহুমুখী ব্যবহার ও আধুনিক পাটশিল্প স্থাপনে উৎসাহ দিচ্ছে। বিশ্বব্যাপী পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়াকে তিনি ‘খুবই আশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেন।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম আশরাফুল মকবুল।পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এম কামালউদ্দিন সেমিনারের কারিগরি অধিবেশনে বক্তব্য উপস্থাপন করেন। এ ছাড়া পাট অধিদপ্তরের মহাপরিচালক এম নাসির উদ্দিন ও উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ এবং আধুনিক পাট জাগ (পচন) পদ্ধতির প্রকল্প পরিচালক ড. মঙ্গল সি চন্দ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং পাট জাগ (রিবন রেটিং) পদ্ধতিসহ উচ্চ প্রযুক্তির পাট জাগের বিষয়ে প্রায় ২০ হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।