পাট চাষে লাভ চাষিদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট চাষে এবার লাভ হওয়ায় হাসি ফুটেছে যশোরের মনিরামপুর উপজেলার পাটচাষিদের মুখে। পাট চাষে খরচ কম হওয়ায় ও বাজারে দাম ভালো পাওয়াই এর কারণ বলে জানা গেছে।
১৮ ও ১৯ আগস্ট উপজেলার হরিদাশকাঠি, কুমারসীমা, পাঁচকাঠিয়াসহ বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা যায়, কৃষকেরা পাট কাটা ও পাট জাগ দিচ্ছেন। এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় তাঁরা পাট খেতেই জাগ দেওয়ার কাজ সারছেন। অনেকে পাটের আঁশ ছাড়াচ্ছেন।
কৃষকেরা বলেন, পাট মূলত বৃষ্টিনির্ভর ফসল। মৌসুমের শুরুতে এবার বৃষ্টি হয়নি। তখন পাটগাছের বৃদ্ধি কিছুটা কম হয়েছে। পরে নিয়মিত বিরতিতে বৃষ্টি হয়েছে। পাট কাটার সময় প্রচুর বৃষ্টি হওয়ায় পাট জাগ দিতে তেমন সমস্যা হয়নি। অনেক ক্ষেত্রে পাট কেটে খেতেই জাগ দেওয়া হয়েছে। এতে পরিবহন-ব্যয় সাশ্রয় হয়েছে। সব মিলিয়ে এবার পাট চাষে খরচ অনেক কম হয়েছে।
উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মানিক সরকার গত বছর তিন বিঘা জমিতে পাট চাষ করে ৪৫ মণ পাট পেয়েছিলেন। সে সময় মণপ্রতি গড়ে ১ হাজার ২৫০ টাকা দরে পাট বিক্রি করেছিলেন তিনি। এবার তিন বিঘা জমিতে আবাদ করে পেয়েছেন ৩৭ মণ পাট। এই পর্যন্ত তিনি প্রতি মণ পাট বিক্রি করেছেন ১ হাজার ৬০০ টাকা দরে। তিনি বলেন, ‘আশা করছি, সব খরচ বাদে এবার আমার কমপক্ষে ৪৫ হাজার টাকা লাভ হবে।’
কুমারসীমা গ্রামের পাটচাষি অরবিন্দু রায় বলেন, পাটের পাশাপাশি পাটকাঠিরও এবার দাম ভালো। এক বিঘা জমির পাটকাঠি পাঁচ-ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
দেড় বিঘা জমিতে আবাদ করে ২০ মণ পাট পেয়েছেন উপজেলার পাঁচকাঠিয়া গ্রামের পাটচাষি বিকাশ রায়। তাঁর সব মিলিয়ে খরচ হয়েছে ১০ হাজার টাকার মতো। তিনি শুধু পাটকাঠি বিক্রি করেছেন নয় হাজার টাকায়। তিনি বলেন, ‘খরচ কম হইছে। দাম ভালো পাচ্ছি।’
উপজেলার হাজিরহাট বাজারের পাট ব্যবসায়ী অর্জুন ঘোষ বলেন, ভালো পাট ১ হাজার ৫৮০ টাকা থেকে ১ হাজার ৬১০ টাকায় বিক্রি হচ্ছে। পাটকলগুলো পাট কেনায় এবার শুরু থেকেই পাটের দাম ঊর্ধ্বমুখী।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় পাটের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৬১০ হেক্টর জমি। আবাদ হয়েছিল ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে। এ বছর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ২৫০ হেক্টর জমি। কিন্তু আবাদ হয়েছে ৪ হাজার ৫২৫ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার বলেন, গত বছরের থেকে এবার পাটের দাম মণপ্রতি ৩৫০-৪০০ টাকা বেশি। দাম আরও বাড়ার সম্ভাবনা আছে।