মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের যুব্বার শেখ প্রতিবছর ৮ থেকে ১০ বিঘা জমিতে পাট চাষ করেন। এবার তিনি ৯ বিঘায় পাট চাষ করেছেন। তবে পাটের দাম গতবারের মতো না থাকায় পাট কেটে পানিতে জাগ না দিয়ে শুধু খড়ির জন্য রাস্তার পাশে রোদে শুকাচ্ছেন।
জানতে চাইলে, তিনি বলেন, পাট কেটে জাগ দিতে প্রতি বিঘায় ১০ জন শ্রমিক লাগবে। আর শ্রমিকপ্রতি ৩৫০ টাকা হিসাবে মোটের ওপর খরচ লাগবে ৩ হাজার ৫০০ টাকা। এর আগে পাট চাষে প্রতি বিঘায় ৭ হাজার টাকা লেগেছে সার, কীটনাশক ও পাটের বীজে। বাজারে প্রতি মণ পাটের দাম প্রায় ১ হাজার টাকা। প্রতি বিঘায় ৭ থেকে ৮ মণ পাট উৎপাদিত হচ্ছে। বিক্রি করলে লোকসান হবে ২ হাজার ৫০০ টাকা। সে কারণে পাট আর জাগ দিচ্ছেন না তিনি।
শুধু যুব্বার শেখই নন, জেলার আরও অনেক কৃষকই এবার পাট চাষে লাভের মুখ দেখতে পারছেন না। এবার শ্রমিকদের অতিরিক্ত মজুরি দিতে হচ্ছে। গতবার পাটের দরও ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। কিন্তু এবার পাটের দাম তুলনামূলক কম হওয়ায় লোকসানে পড়েছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৩টি উপজেলায় এবার ২৫ হাজার ৮৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা থেকে ৭৭ হাজার ৫৩৫ মেট্রিক টন পাট উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত শুক্রবার গাংনী উপজেলার ধলা বাজারের পাট ব্যবসায়ী মুনশি মহসিনের পাট ক্রয়কেন্দ্র গিয়ে দেখা যায়, ভ্যান ও সাইকেলে করে বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা পাট নিয়ে আসছেন। তিনি পাট কিনে গুদামে রাখছেন। মানভেদে প্রতি মণ পাট ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা দরে ক্রয় করা হচ্ছে। গত বছর এই আড়তে প্রতি মণ পাট ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত দরে ক্রয় করা হয়েছে বলে পাইকারেরা বলেন।
গত ৩১ জুলাই মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামে সরকারি পাট ক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন মেহেরপুর ও চুয়াডাঙ্গার সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা আখতার বানু। এ সময় তিনি বলেন, এখন থেকে মেহেরপুরের পাটচাষি ও ব্যবসায়ীরা সরকারি মূল্যে পাট বিক্রি করতে পারবেন।
খুলনার স্টার জুট মিল লিমিটেডের পরিবেশক হিসেবে স্থানীয় ব্যবসায়ী ও মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেমকে নিয়োগ করা হয়েছে। তবে জানা গেছে, ওই পাটকেন্দ্রে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী ছাড়া সাধারণ প্রান্তিক চাষিরা সরাসরি পাট বিক্রি করতে পারছেন না।
অপরদিকে স্টার জুট মিল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক শামীম হাসান বলেন, চলতি বছরে ৫০ হাজার মণ পাট কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাটচাষিদের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে পাট কেনা হবে। এ ছাড়া ব্যবসায়ীদের কাছে থেকেও পাট কেনা হবে।
পরিবেশক আবুল হাশেম বলেন, এখান থেকেই পাট বাছাই শেষে মেশিনের মাধ্যমে বেল প্রস্তুত করা হবে। স্টার জুট মিলের কর্মকর্তারা উপস্থিত থেকে পাট কিনবেন।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এবার পাটের ফলন ভালো হয়েছে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের পাটের মান ভালো হওয়ায় কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। জেলায় পাটের মান ভালো করার জন্য কৃষকদের কাদামাটি দিয়ে পাট জাগ না দেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।