পাট চাষে সুদিন ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার বিভিন্ন স্থানে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সভায় বক্তারা বলেন, পাট চাষে সুদিন ফিরে এসেছে। চাষিদের কাছে এ চাষ ক্রমে লাভজনক হয়ে উঠছে।

আমাদের প্রতিধিদের পাঠানো খবর:

সকাল ১০টার দিকে জামালপুর শহরের তমালতলা থেকে শোভাযাত্রা বের হয়। পাট অধিদপ্তর এবং জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির যৌথভাবে এর আয়োজন করে। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। এতে জেলার পাটচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন। একই সময় মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।

সরিষাবাড়ীতে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে এটি বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জগলুল পাশা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলীসহ অন্যরা।

শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, পাট দিয়ে তৈরি পণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম। বক্তব্য দেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ স ম নুরুল ইসলাম, পাট পণ্যের স্থানীয় শিল্প উদ্যোক্তা মো. জয়নাল আবেদীন প্রমুখ। আলোচনা শেষে পাট পণ্যের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অতিথিরা।

পাট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে শোভাযাত্রা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করেন। বিভিন্ন এলাকার পাটচাষিরা এতে অংশ নেন। এ সময় ইউএনও বলেন, সুদিন ফিরে আসায় কৃষকদের কাছে পাট চাষ ক্রমেই লাভজনক হয়ে উঠেছে। ভালো মানের পাট উৎপাদনের জন্য সরকার কৃষকদের নানাভাবে প্রশিক্ষণ ও পাটবীজ দিয়ে সহায়তা করছে।

পাট অধিদপ্তরের উদ্যোগে সকালে টাঙ্গাইল শহরের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের জুট টেকনোলজি বিভাগের উদ্যোগে ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহর ঘুরে শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।