পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় রাজবাড়ী ও মাদারীপুরের কালকিনি উপজেলার জলাশয়গুলোতে পর্যাপ্ত পানি নেই। তাই পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই জেলার মাটি পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রতিবছর এখানে প্রচুর পাট উৎপন্ন হয়। চলতি বছর জেলায় ৩৭ হাজার ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুকুর, খালসহ অন্যান্য জলাশয়ে পানি নেই। দু-একটি জলাশয়ে পানি থাকলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল। এ কারণে কোথাও সামান্য পানি পেলে পাটচাষিরা সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন। হাঁটু পর্যন্ত পচা পানিতে গাদাগাদি করে সবাইকে পাট জাগ দিতে হচ্ছে। কোনো কোনো কৃষক বৃষ্টির আশায় বাড়ির উঠানে, খেতে বা জলাশয়ের পাশে পাট স্তূপ করে রেখে দিয়েছেন।সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রঘীনাথপুর গ্রামের কৃষক হাতেম খাঁ বলেন, লাভের আশায় তিনি এবার নয় বিঘা জমিতে পাটের চাষ করেছিলেন। আমনের মৌসুম চলে আসায় পাট খেতে রাখা যাচ্ছে না। তার বাড়ির উঠানে ও খেতের পাশে স্তূপ করে রাখা পাট দেখিয়ে আক্ষেপ করে তিনি বলেন, হয়তো এগুলো এবার পুড়িয়ে ফেলতে হবে। খানখানাপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, জাগ দিতে না পারায় এবার পাট চাষে ব্যাপক লোকসান গুনতে হবে তাঁকে। লোকসান কমানোর জন্য তিনি খালে সেঁচযন্ত্র দিয়ে পানি সরবরাহ করে পাট জাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার চার হাজার ৪৮০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০৪ হেক্টর বেশি।কিন্তু জলাশয়গুলোতে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা। পৌরসভার ঝাউতলা গ্রামের পাটচাষি আমজেদ আলী ব্যাপারি বলেন, এবার খালগুলোতে পানি নেই। অনেক দূরে নিয়ে গিয়ে তাঁকে পাট জাগ দিতে হবে। এতে খরচ অনেক বেড়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কৃষকেরা কাছাকাছি কোথাও জাগ দিতে না পারলেও আশপাশের ডোবায় তাঁরা পাট জাগ দিতে পারছেন।