পাট জাগ দেওয়ায় অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ৫০ কিলোমিটার রাস্তার পাশের খাল বেদখল হয়ে গেছে। প্রভাবশালী ব্যক্তিরা এসব খালে মাছের ঘের তৈরির উদ্যোগ নেওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন চাষিরা। জলাভূমি বেদখলের প্রতিবাদে উপজেলার বড়াশুর, পিঙ্গলিয়া, পোনা ও কাশিয়ানী সদরের পাটচাষিরা গত সোমবার বিক্ষোভ সমাবেশ করেছেন।চাষিরা জানান, উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ৫০ কিলোমিটার রাস্তার পাশের খাল সম্প্রতি প্রভাবশালী ব্যক্তিরা দখল করে মাছ চাষ শুরু করেছেন। চলতি বছর বেশ কয়েকটি নতুন মাছের ঘের তৈরির উদ্যোগ নেওয়ায় পাট জাগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এভাবে পাট জাগ দেওয়ার জলাভূমি প্রভাবশালীদের দখলে চলে গেলে ভবিষ্যতে এ অঞ্চলে পাটের চাষ হুমকির মুখে পড়বে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুভাষচন্দ্র বিশ্বাস জানান, কাশিয়ানীতে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। এক হাজার কৃষক এ চাষাবাদের সঙ্গে জড়িত। তা ছাড়া এ অঞ্চলের পাটের বেশ সুনাম রয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসন সবকিছু করবে। অবৈধ সব মাছের ঘের ভেঙে দেওয়া হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ব্যাপারে কৃষকদের স্মারকলিপি ও উদ্ভূত পরিস্থিতির আলোকে মহাসড়কের পাশের জমি কোনো অবস্থায় আর বরাদ্দ না দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করে চিঠি পাঠানো হয়েছে।এদিকে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের পাশের জমি কোনো ব্যক্তিকে মাছ চাষ বা অন্য কোনো কারণে বরাদ্দ দেওয়া হয়নি। কেউ সেখানে মাছের চাষ করলে তা অবৈধ।