পাট জাগ দেওয়ায় মরছে চিত্রার মাছ
নড়াইলের চিত্রা নদীতে পাট জাগ (পচন) দেওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ মরে যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকেরা রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দিলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব। সরেজমিনে দেখা গেছে, নড়াইলের মহিষখোলা থেকে সিঙ্গিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ও ভদ্রবিলা থেকে কালিয়া উপজেলার পেরুলি ঘাট পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে নদীতে পাট জাগ দেওয়া হয়েছে। লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের কৃষক আবদুর রহমান বলেন, ‘আগে পাট জাগ দিছি খাল-বিল ও ডোবা-নালার পানিতে। এবার যে বৃষ্টি হইছে এহন সেহানে পাট জাগ দিয়ার মতো পানি জমিনি। সে জন্যি নদীতি পাট জাগ দিতি হচ্ছে।’ সদর উপজেলার কাশিয়ারা গ্রামের পাট ব্যবসায়ী সলিল কুমার ঘোষ বলেন, নদীর পানিতে জোয়ার-ভাটা থাকে। আর এ কারণে নদীতে পাট পচন দিলে পাটের গুণগতমানসহ পাটের আঁশও সাদা হয়। ফলে দামও ভালো পাওয়া যায়। আর এ আশায় অনেক কৃষক নদীতে পাট পচনে উৎসাহী। নদীর তীরবর্তী বোরাবাদুরিয়া গ্রামের মালতী রানী ঘোষ বলেন, ‘আগে চিত্রার জল টলটল করত। নিজির চিহারা দেহা যাত। রান্নাবান্নাসহ সব কাজেই আমরা নদীর জল ব্যবহার করতাম। এহন কালা ও গন্ধ হয়ে গেছে। মুখি দিয়া যায় না।’ পংবিলা গ্রামের মৎস্যজীবী সুকুমার মালো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নদীতি সারা রাত জাল বায়ে মাছ পাই মাত্র এক কেজি। তা বেচলি সংসার চলে না। ছল-মায়ে নিয়ে না খায়ে মরে যাওয়ার কায়দা হইছে। সরকার এগুলো দেখতি পারে না?’পরিবেশবিদ অধ্যাপক বরুণ মজুমদার বলেন, চিত্রা নদীর পানি বরাবরই পরিষ্কার। কিন্তু পাট মৌসুম এলেই নদীতে পাট পচন দেওয়ায় উৎকট দুর্গন্ধে তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। অক্সিজেনের অভাবে নদীর মাছ মারা যায়। নদীর পানি কালো হয়ে যায়। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। এ ব্যাপারে কৃষি বিভাগের বিশেষ ভূমিকা নেওয়া প্রয়োজন।জেলা মৎস্য কর্মকর্তা এস এম এনামুল হক বলেন, নদীর পানি নষ্ট হয়ে যাওয়ায় মাছ মারা যাচ্ছে। মাছের প্রজননক্ষমতাও কমে যাচ্ছে। নদীতে প্রাকৃতিক মাছের আকাল দেখা দেওয়ায় মৎস্যজীবী সম্প্রদায় বেকায়দায় পড়েছে। মৎস্য বিভাগের অভয়াশ্রমসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নও হুমকির মুখে পড়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক বণিক রামকৃঞ্চ বলেন, কৃষকেরা সনাতনী পদ্ধতিতে খোলা জলাশয়ে পাট পচাতে অভ্যস্ত। কৃষকেরা রিবন রেটিং পদ্ধতিতে পাট না পচানোয় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, রিবন রেটিং পদ্ধতির মাধ্যমে পাট পচানোর জন্য কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ৩৫০টি রিবনার সরবরাহ করা হয়েছে। আশা করা যাচ্ছে, ভবিষ্যতে কৃষকেরা রিবন রেটিং পদ্ধতির মাধ্যমে পাট পচাতে উদ্যোগী হবে।জেলা প্রশাসক মো. জহুরুল হক বলেন, চিত্রা নদীতে পাট পচিয়ে এর পানি নষ্ট করা ঠিক হবে না। বর্তমানে বৃষ্টি হচ্ছে। খাল-বিল, ডোবা-নালায় পাট পচানোর ব্যাপারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই এ ব্যাপারে বিশেষ ভূমিকা নেওয়া হবে। তিনি বলেন, মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সভায় মৎস্য সম্পদ রক্ষায় কৃষকেরা যাতে নদীতে পাট পচানোর ক্ষেত্রে নিরুৎসাহিত হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।