পাট থাকলেও নেই সরকারি ক্রয়কেন্দ্র
লালমনিরহাট জেলায় এ বছর প্রায় ৫০ হাজার বেল পাট উৎপাদন হলেও এখানে সরকারের পক্ষ থেকে গতকাল রোববার পর্যন্ত কোনো পাট ক্রয়কেন্দ্র খোলা হয়নি। এ অবস্থায় কৃষকেরা ন্যায্যমূল্য না পাওয়ার পাশাপাশি পাট ব্যবসায়ীদের একটি বড় অংশ বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। পাটচাষি ও পাট ব্যবসায়ীরা জেলায় সরকারি পাট ক্রয়কেন্দ্র খোলার দাবি করেছেন।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাফায়েত হোসেন বলেন, এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৮৬০ বেল বা ১৯ হাজার ৩০০ মণ পাট বেশি আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর মোট পাট উৎপাদন হয়েছে ৪৯ হাজার ৮৫২ বেল। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার ৯৯২ বেল পাট (এক বেল পাট = পাঁচ মণ পাট বা ২০০ কেজি)।
জেলা ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আহম্মেদ বলেন, ‘বাংলাদেশের ৬৩টি জেলায় সরকারি পাট ক্রয়কেন্দ্র খোলা হলেও একমাত্র লালমনিরহাটে এখনো সরকারি পাট ক্রয়কেন্দ্র কেন খোলা হলো না, তা আমাদের জানা নেই।’ তিনি বলেন, এতে পাটচাষিরা ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অনেক ক্ষুদ্র ও মাঝারি পাট ব্যবসায়ীই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। এ সুযোগ নেবেন একশ্রেণির অসৎ ও সুযোগসন্ধানী ফড়িয়া, দালাল ও চোরাকারবারিরা। তাঁরা কম দামে পাট কিনে ভারতে পাচার করে আঙুল ফুলে কলাগাছ হওয়ার আশায় আছেন।
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ আবদুল হামিদ বলেন, লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ আবু সালেহ মোহাম্মদ সাঈদ বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যানের কাছে ২০১৫-১৬ পাট ক্রয় মৌসুমে লালমনিরহাট শহরে বিজেএমসির আওতাধীন লতিফ বাওয়ানী, করিম, বাংলাদেশ বা খালিশপুর জুট মিলস লিমিটেডের যেকোনো একটি মিলে পাট ক্রয়কেন্দ্র খোলার জন্য আগস্ট মাসের প্রথম সপ্তাহে ডিও লেটার দিয়েছেন। তবে এ ক্ষেত্রে এখনো কোনো অগ্রগতির সংবাদ পাওয়া যায়নি।
লালমনিরহাটের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক (পাট) মহাফেজ উদ্দিন বলেন, ‘গত বছর পাট ক্রয় মৌসুমে (জুলাই-সেপ্টেম্বর/অক্টোবর) জেলায় ২৩৯টি পাট ক্রয়ের লাইসেন্স ফি বাবদ ১ লাখ ৭৪ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল। আর এ বছর ১৪১টি লাইসেন্সের বিপরীতে প্রায় এক লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি বলেন, ‘জেলায় এ বছর সরকারি পাট ক্রয়কেন্দ্র না খোলার সংবাদ পেয়ে পরে অনেকেই আর লাইসেন্স করতে আগ্রহী হননি। এ অবস্থায় আমাদের অফিসের আয়ও কমে যাচ্ছে।’