পাট দিবসে পাটের শাড়িতে প্রধানমন্ত্রী

পাট দিবসে পাটের তৈরি শাড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তা–ই নয়, পায়ের জুতা ও ভ্যানিটি ব্যাগও ছিল পাঠের তৈরি।
শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস-২০১৮ উপলক্ষে তিন দিনব্যাপী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসেন তিনি। সেখানে তিনি একটি অনুষ্ঠানে ভাষণও দেন।
বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, পাট নিয়ে গবেষণার ফলে অনেক নতুন নতুন আকর্ষণীয় পণ্য উৎপাদিত হচ্ছে। এ অনুষ্ঠানে তিনি যে শাড়িটা পরে এসেছেন, সেটা পাটের উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তাঁর পায়ের জুতাটাও পাটের তৈরি। নিজের ভ্যানিটি ব্যাগটিও সবার সামনে প্রদর্শন করে বলেন, এটাও পাটের তৈরি। তিনি বলেন, পাট এমন একটি পণ্য যে বিশ্বের দামি মার্সিডিজ গাড়ি তৈরি করতেও পাট করা ব্যবহার হয়।
শেখ হাসিনা বলেন, পাকিস্তানিরা এ দেশের পাট বিক্রি করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করত। তারা পাটকে ধ্বংস করার জন্য কৃষকদের বঞ্চিত করত। তাদেরই প্রেতাত্মারা যারা বাংলাদেশে আছে, তারাও ক্ষমতায় গিয়ে রাজাকারদের শিল্পমন্ত্রী-কৃষিমন্ত্রী বানিয়ে আরেক দফা এই পাটকে ধ্বংস করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘৯১ সালের নির্বাচনে তখন কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু বিএনপি জামায়াতের হাত ধরে সরকার গঠন করে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করল যে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সব শ্রমিককে চাকরি থেকে বিদায় দিয়ে দেবে। আর ’৯৩ সাল থেকে পাটকলগুলো একে একে বন্ধ করবে। ফলাফলটা ছিল, তখন বাংলাদেশ থেকে বিশ্বে যে আড়াই লাখ বেল পাট রপ্তানি হতো তা বন্ধ হয়ে যাবে। আর ঠিক একই ভারতের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের চুক্তি হলো। চুক্তি অনুযায়ী ভারত তাদের সীমান্তে পাটকল তৈরি করবে আর ওই আড়াই লাখ বেল পাট রপ্তানি করার সুযোগ পাবে। তিনি বলেন, বাংলাদেশের পাটকল বন্ধ করার জন্য টাকা নিল বিএনপি সরকার আর ভারতকে পাটকল করার সুযোগ করে দিল ওয়ার্ল্ড ব্যাংক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো পাট খাতের যান্ত্রিকীকরণের ওপর গুরুত্বারোপ করে দেশের সরকারি খাতের পাটকলগুলোকে লাভজনক করে তুলতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘একটি বড় সমস্যা রয়েছে যন্ত্রপাতিগুলো অত্যন্ত পুরোনো, কাজেই এই মেশিনারিজগুলো সব বদলাতে হবে। নতুন মেশিনারিজের ব্যবস্থা করতে হবে। যদিও এ ব্যাপারে আমরা সব রকম চেষ্টা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পাটকে আরও আধুনিকীকরণের মাধ্যমে পাট উৎপাদন, পাট সংগ্রহ, পাট সংরক্ষণের ব্যবস্থা করেছি।’