পাট নিয়ে কৃষক বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিণত হওয়ার আগেই পাট কেটে ফেলতে হচ্ছে শরীয়তপুরের কৃষকদের। বৃষ্টির পানি জমে পাটগাছের গোড়ায় পচন ধরেছে। নিম্নমানের বীজ ব্যবহার করার ফলে এ সমস্যা হয়েছে বলে কৃষি কর্মকর্তাদের দাবি। শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে ২৮ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। শরীয়তপুরে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিক্রয়কেন্দ্র থেকে দুই মেট্রিক টন পাটের বীজ বিক্রয় করা হয়েছে। এ বিক্রয়কেন্দ্রে ২০ মেট্রিক টন বীজের চাহিদা ছিল। এ ছাড়া বিএডিসির আরও ২১টি পরিবেশক রয়েছে শরীয়তপুর জেলায়। তারা ১০ মেট্রিক টন বীজ বিক্রয় করেছে। সময়মতো বিএডিসির বীজ না পাওয়ায় কৃষক স্থানীয় বাজার থেকে বঙ্গবীর, কৃষি সেবায়েন, বঙ্কিম, নুর ও মহামায়া ব্র্যান্ডের বীজ ব্যবহার করেছে। বিএডিসির স্টোরকিপার রেজাউল করিম বলেন, ‘পাট গবেষণাকেন্দ্র থেকে বীজ দেরিতে সরবরাহ করার ফলে সমস্যা সৃষ্টি হয়েছে। কৃষক সময়মতো বীজ না পেয়ে বাজার থেকে বিভিন্ন কোম্পানির বীজ ক্রয় করেছে। আমাদের বরাদ্দ পাওয়া বীজ অবিক্রীত রয়েছে।’ বিএডিসির বীজ বিক্রয়ের পরিবেশক দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ‘এ বছর বিএডিসি থেকে দেরিতে বীজ সরবরাহ পেয়েছি। ফলে কৃষক অন্য কোম্পানির বীজ ক্রয় করেছে। সময়মতো বীজ সরবরাহ করলে কৃষক ক্ষতিগ্রস্ত হতো না।’ উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন খান বলেন, বিএডিসির বীজ ব্যবহার করলে ২০ থেকে ২৫ দিন পাটগাছ পানিতে থাকলেও পচন ধরবে না। শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ টি এম শহীদুল ইসলাম জানান, জমিতে পানি জমে যাওয়ায় পাটগাছে পচন ধরেছে। তা ছাড়া এ বছর পাটের দাম কম। এসব কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিএডিসির বীজ সময়মতো সরবরাহ করলে বাজার থেকে কৃষক নিম্নমানের বীজ কিনে প্রতারিত হতেন না।