পাট নিয়ে চাষিরা বিপাকে
পাবনার সাঁথিয়া উপজেলার চরভদ্রকোলা গ্রামের কৃষক হেলালউদ্দিন পানির অভাবে এবার সময়মতো পাট জাগ দিতে পারেননি। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পর দূরের একটি বিলে তিনি পাট জাগ দেন। অতিরিক্ত পরিবহন খরচ ও বিড়ম্বনা সহ্য করে তিনি যে পাট পেয়েছেন, তার মান ভালো হয়নি। এই পাট বাজারে নিয়ে মণপ্রতি উৎপাদন খরচের কমপক্ষে ৩০০ টাকা কমে তাঁকে বিক্রি করতে হয়েছে।শুধু হেলালউদ্দিন নন, পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার বেশির ভাগ পাটচাষির অবস্থা একই। এবার বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় জলাশয়গুলোতে পানি নেই। ফলে এবার কৃষকেরা সময়মতো পাট জাগ দিতে পারেননি। অতিরিক্ত অর্থ খরচ করে দূরের কোনো জলাশয়ে নিয়ে অল্প পানিতে গাদাগাদি করে কৃষকদের পাট জাগ দিতে হয়েছে। ফলে পাটের মান ভালো হয়নি। তার ওপর গত তিন সপ্তাহের ব্যবধানে পাটের দামও কমে গেছে। ফলে এই পাট বাজারে নিয়ে উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে কৃষকদের।এদিকে বাজারে ভালো মানের পাট কম ওঠায় ও চাহিদা অনুযায়ী টাকা পাওয়া না যাওয়ায় দুই উপজেলার সরকারি ও বেসরকারি পাটকলগুলোর ক্রয়কেন্দ্রে পাট কেনা চলছে ধীরগতিতে। সরেজমিনে দুই উপজেলার কয়েকটি হাটে গিয়ে প্রচুর পাটের আমদানি লক্ষ করা গেছে। এসব পাট মণপ্রতি এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর হাটে পাট কিনতে আসা মিজানুর রহমান, শামসুল হকসহ কয়েকজন পাট ব্যবসায়ী বলেন, ঈদের পর থেকে হাটে প্রচুর পাট উঠতে শুরু করেছে। কিন্তু এর মধ্যে ভালো মানের পাটের পরিমাণ খুবই কম। তাঁরা পাটকলগুলোর ক্রয়কেন্দ্রে সরবরাহের জন্য মণপ্রতি এক হাজার ১০০ থেকে দেড় হাজার টাকা দরে যে পাট কিনছেন, তা মোটামুটি ভালো মানের। পাট ব্যবসায়ীরা বলেন, গতবার লোকসান হয়েছে বলে এবার কৃষকেরা ঘরে পাট না রেখে বাজারে নিয়ে আসছেন। এ কারণে বাজারে পাটের সরবরাহ বেড়ে যাওয়ায় দ্রুত পাটের দাম কমছে। তিন-চার সপ্তাহ আগেও পাটের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি ছিল। এদিকে বেড়ার সরকারি ও বেসরকারি পাটকলগুলোর ক্রয়কেন্দ্রে ২৫ থেকে ৩০ দিন ধরে পাট কেনা শুরু হয়েছে। বিজেএমসির আওতাভুক্ত ক্রয়কেন্দ্রগুলোর কয়েকজন ক্রয় কর্মকর্তা বলেন, চাহিদা অনুযায়ী টাকা না পাওয়া এবং শ্রমিক ও গুদামের জায়গার সংকটের কারণে গতবারের তুলনায় এবার কিছুটা ধীরগতিতে তাঁরা পাট কিনছেন।বেসরকারি পাটকল জনতা জুট মিলসের বেড়া পাট ক্রয়কেন্দ্রের সহকারী পাট ক্রয় কর্মকর্তা তারেকুল ইসলাম বলেন, ‘মাত্র দুই-তিন সপ্তাহের মধ্যে পাটের দাম মণপ্রতি ৩০০-৪০০ টাকা কমেছে। তা ছাড়া এবার পাটের মান খুব একটা ভালো নয়। আমরা এ পর্যন্ত ৮০ হাজার মণ ভালো মানের পাট কিনতে পেরেছি, যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম।’