এমনিতেই পাটের বাজার মন্দা। তার ওপর স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জেলার বাইরের ক্রেতাদের পাট ক্রয়ে বাধা দিচ্ছেন। ফলে লোকসান হলেও স্থানীয় ব্যবসায়ীদের বেঁধে দেওয়া দরেই পাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন এলাকার চাষিরা।
এর প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার খোঁচাবাড়িহাটে পাট বিক্রি করতে আসা চাষিরা পাটে আগুন নিয়েছেন।
সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের পাটচাষি মোশাররফ হোসেন অভিযোগ করেন, স্থানীয় পাট ব্যবসায়ী কল্যাণ ঘোষসহ কয়েকজন সিন্ডিকেট করে পাটের দর নিয়ন্ত্রণ করছেন। শনিবার সকাল থেকে তাঁরা আড়তে পাটের দর মানভেদে ৮০০ থেকে এক হাজার টাকা দরে কিনতে শুরু করেন।
এ সময় দিনাজপুরের এক পাট ব্যবসায়ীর পক্ষে একজন স্থানীয় ব্যবসায়ী এক হাজার ১৬০ টাকা দরে পাট কেনা শুরু করলে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে বাধা দেন। এ নিয়ে ব্যবসায়ী ও পাট বিক্রেতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। হাটে পাট বেচতে আসা চাষিরা ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় ব্যবসায়ীরা পাট কেনা বন্ধ করে দেন।
পাটচাষি আবদুল হক অভিযোগ করেন, হাটে স্থানীয় পাট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাটের দাম কম দিচ্ছেন। এর ওপর তাঁরা প্রতি মণ পাটে দুই কেজি বেশি নিচ্ছেন। প্রতিবাদ করলে পাট কেনা বন্ধ করে দিয়ে কৃষকদের হয়রানি করা হচ্ছে।
দিনাজপুরের ব্যবসায়ীর পক্ষে পাট কিনতে আসা নুরুল হক বলেন, ‘মিলের প্রয়োজনে ভালো মানের তোষা পাট এক হাজার ১৬০ টাকা দরে কেনা শুরু করলে তাঁরা (স্থানীয় পাট ব্যবসায়ীরা) আমাদের পাট কেনা বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা পাট মাপার যন্ত্র ছুড়ে ফেলে দেন।’
দৌলতপুরের পাটচাষি জাহাঙ্গীর আলম বলেন, ‘দর নিয়ন্ত্রণের জন্য জেলার বাইরের ক্রেতাকে পাট কিনতে বাধা দেওয়া এবং পাটের দাম কম দেওয়ার প্রতিবাদে আমরা পাট পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছি।’
এ প্রসঙ্গে খোঁচাবাড়িহাটের পাট ব্যবসায়ী কল্যাণ ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে ভাস্কর ঘোষ জানান, তাঁরা বাজারদরেই কৃষকদের কাছ থেকে পাট কিনছেন। সিন্ডিকেট করে দর নিয়ন্ত্রণের প্রশ্নই আসে না।