বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সোমবার সারা দেশে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’।
রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গতকাল বেলা ১১টায় শোভাযাত্রা বের করা হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। পরে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। আলোচনা করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পাট অধিদপ্তর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুর রহমান, সহকারী প্রকল্প পরিচালক মোশাররফ হোসেন, পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল ফজল মোল্লা প্রমুখ।
কাজী হাসান আহমেদ বলেন, সরকারি আইন অনুযায়ী যেসব পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বাড়াতে সাধারণ জনগণের মধ্যে প্রচারণা চালাতে হবে।
দিনাজপুরে সকাল ১০টায় দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান রাস্তা ঘুরে এটি জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পাট ও পাটজাত পণ্যের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলার ইউএনও মো. আবদুর রহমান, জেলা চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের হাতে পাটের তৈরি বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়।
পার্বতীপুর উপজেলায় সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহিবুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা ইউএনও তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভাষ চন্দ্র বর্মণ।
ঠাকুরগাঁওয়ে সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে সদর উপজেলার ইউএনও মো. আশরাফুল ইসলাম, জেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব প্রমুখ বক্তব্য দেন। এদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় আয়োজিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রমুখ বক্তব্য দেন।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; দিনাজপুর অফিস এবং ঠাকুরগাঁও, পীরগঞ্জ (ঠাকুরগাঁও), সৈয়দপুর (নীলফামারী) ও লালমনিরহাট প্রতিনিধি}