পাট শুকানো যাচ্ছে না, দাম কম হতাশ চাষিরা
চলতি মৌসুমে পাটের দাম কম হওয়ায় জয়পুরহাটে পাটচাষিরা হতাশ। প্রায় দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে পাট শুকাতে না পেরে চাষিরা বিপাকে পড়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মৌসুমে এ সময়ে স্থানীয় হাটবাজারে প্রতি মণ পাট এক হাজার ৮০০ টাকা থেকে এক হাজার ৯০০ টাকা দরে বিক্রি হয়েছে। চলতি মৌসুমে তা এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক চাষি পাট পচিয়ে ধুয়ে রাখার পর বৃষ্টির কারণে শুকাতে পারছেন না।পাঁচবিবির পাটাকুকার গ্রামের কৃষক মোবারক আলী এবং সদর উপজেলার কৃষক আজিজুল হক বলেন, ‘পাঁচ-ছয় দিন আগে পাট ধুয়ে রেখেছি। রোদ না থাকায় পাট শুকানো যাচ্ছে না। পাটের গাঁদি বেঁধে রাখায় পাটের রং ও আঁশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সদর উপজেলার পুরানাপৈল গ্রামের কৃষক ইসলাম বলেন, ১০-১২ কাঠা জমিতে পাট চাষ করতে খরচ হয়েছে প্রায় সাড়ে চার হাজার টাকা। আর ওই জমিতে উৎপাদিত তিন মণ পাট তিনি বিক্রি করেছেন চার হাজার ২০০ টাকা।জয়পুরহাটের পাট ব্যবসায়ী দিলীপ সেন বলেন, এ মৌসুমে মহাজনদের সাড়া না পেয়ে তাঁরা পাট কিনতে ভয় পাচ্ছেন। বর্তমানে বাজারে প্রতি মণ পাট এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় চার হাজার ২৯৪ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মজিদ জানান, গতবার কৃষক যে দাম পেয়েছিলেন, এর চেয়ে এবার পাটের দাম মণপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা কম।