পাটকল চালুর ঘোষণায় নতুন স্বপ্ন
নয় বছর বন্ধ থাকার পর পাটমন্ত্রীর একটি ঘোষণায় খুলনার মৃতপ্রায় শিল্পাঞ্চল খালিশপুরে দৌলতপুর জুট মিলের শ্রমিক-কর্মচারীরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। পাটকল কর্তৃপক্ষ ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০২ সালের ৭ ডিসেম্বর অর্থ-সংকট দেখিয়ে ‘গোল্ডেন হ্যান্ডশেক’-এর মাধ্যমে ঐতিহ্যবাহী দৌলতপুর পাটকলটি বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে পাটকলটি চালুর জন্য শ্রমিক-কর্মচারীদের সঙ্গে খুলনাবাসী রাজপথে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করলেও তৎকালীন সরকার কোনো উদ্যোগ নেয়নি। বন্ধ কলকারখানা চালুর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বর্তমান সরকার ইতিমধ্যে দেশের কয়েকটি কারখানা চালু করলেও আড়াই বছরের মধ্যে দৌলতপুর পাটকলটি চালু না করায় মৃতপ্রায় শিল্পনগর খুলনার শ্রমজীবী মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। গত ১৪ মে খুলনায় সফরে এসে পাটকলটি দ্রুত চালু করার ঘোষণা দেন মন্ত্রী। এ ঘোষণাতেই প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে আশার আলো দেখা দিয়েছে। জানা গেছে, গত বছরের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) এক বৈঠকে চারদলীয় জোট সরকারের আমলে বন্ধ হওয়া দেশের পাঁচটি পাটকল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে খুলনার পিপলস ও সিরাজগঞ্জের কওমী জুট মিল নাম পরিবর্তন করে চালু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের আরআর ও এমএম পাটকলও চালুর জন্য প্রস্তুত। শুধু বাকি আছে খালিশপুরের দৌলতপুর পাটকলটি। পাটকলটি চালু করতে গত বছরের ১৭ জুন প্লাটিনাম জুবিলি জুট মিলের তৎকালীন প্রকল্প-প্রধান আলমগীর মল্লিককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি পাটকলটি চালুর জন্য বিজেএমসির কাছে প্রায় ৪৩ কোটি টাকার একটি প্রস্তাব দেয়। দৌলতপুর জুট মিলের সিবিএর সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, কারখানাটি বন্ধ হওয়ার সময় এক হাজার ৪০০ স্থায়ী ও ৯০০ বদলি শ্রমিক ছিলেন। সবাই কাজ হারিয়ে যে যার মতো বিভিন্ন এলাকায় কেউ রিকশা-ভ্যান চালিয়ে ও দিনমজুরি করে অনেক কষ্টের মধ্যে জীবন-যাপন করছেন। ১৩ জন মৃত শ্রমিকের পরিবার কারখানার কাছে প্রায় ১২ লাখ টাকা পাবেন। পাটকলটির সাবেক নিরাপত্তাকর্মী আবদুল মান্নান (৬০) বলেন, ‘১৯৭৬ সালেত্তে এই মিলে, নয় বছর ধরে কাজ নাই। না পাত্তিছি মুটেগিরি কত্তি, না পাত্তিছি ঠেলা বা রিকশা চালাতি। কী অবস্থায় আছি, তা আর শোনবেন না। তবে মুন্ত্রির কথা শুনে এই বুড়ো বয়সে এট্টু আশা জাগতেছে।’ সাবেক শ্রমিক হাবিবুর রহমান (৪৫) বলেন, ‘মিল বন্ধ হলি যা (টাকা) পাইলাম তা দিয়ে কয়খান রিকশা কিনিলাম। এহন তা কেউ ভাড়াও নিতি চায় না। নিরুপায় হয়ে ভ্যান-রিকশা মেরামত করে কোনো রহমে বাঁচে আছি। এইবার মুন্ত্রির কথা শুনে মনে হচ্ছে কিছু এট্টা হবেনে।’ দৌলতপুর জুট মিলের প্রকল্প-প্রধান মনোয়ার হোসেন মিয়া বলেন, ‘মন্ত্রী গত ২৫ বৈশাখ খুলনার দক্ষিণডিহিতে রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসে সকালে আমাদের পাটকল পরিদর্শনকালে আমাকে অবিলম্বে এটি চালুর নির্দেশ দেন।’ তবে বিজেএমসির চেয়ারম্যান টি ডি মিত্র বলেন, ‘কবে চালু হবে বিষয়টি আমি জানি না।’ বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘যত দ্রুত সম্ভব মিলটি চালু করার ব্যাপারে বিজেএমসিকে বলা হয়েছে।’