পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
পাটকলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও মিলগুলোর পাট ক্রয়ের জন্য সরকারের এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণার পরও আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনাঞ্চলের পাটকল শ্রমিকেরা। আজ বুধবার সকাল ছয়টা থেকে খুলনা-ঢাকা মহাসড়কের তিনটি এলাকায় রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন তাঁরা। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ও পাটকলগুলোর জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।
শ্রমিকদের দাবি, এর আগেও প্রধানমন্ত্রী পাটকল শ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে শ্রমিকদের অর্থ পরিশোধের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই নিজ নিজ মিলের ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) অর্থ প্রবেশ না করা পর্যন্ত এবং দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে।
গতকাল মঙ্গলবার বেলা তিনটায় ঢাকায় পাট মন্ত্রণালয়ে পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে শ্রমিকনেতাদের একটি অংশের বৈঠক করার কথা থাকলেও তা হয়নি। আজ বেলা দুইটায় আবার খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকের কথা আছে।
পাটকল শ্রমিকদের এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। ওই পরিষদের সদস্যসচিব জাকির হোসেন বলেন, ‘আমরা ঘোষণা শুনেছি, কিন্তু টাকা হাতে পাইনি। টাকা পাওয়ার পর আন্দোলন উঠিয়ে নেওয়া হবে।’
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) খুলনা অঞ্চলের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, শ্রমিকদের ধর্মঘটের আট দিনে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত জুটমিলের প্রায় এক হাজার মেট্রিক টন পাটপণ্য উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে বিজেএমসি। প্রতিদিন লোকসান হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকার বেশি। তা ছাড়া উৎপাদন না হওয়ায় পরও শ্রমিকদের ঠিকই বেতন দিতে হবে। সুতরাং, লোকসানের ভাগ আরও বাড়বে।
পাট খাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের মতো অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ১ জুলাই ২০১৩ ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান ও খালিশপুর, দৌলতপুর, কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণ ও সব পাওনা পরিশোধের দাবিতে গত ৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পাটকলের শ্রমিকেরা।