পাটকলশ্রমিকদের জীবনগাথা নিয়ে 'কালচক্র' বইয়ের প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি আঁশ পাটের গৌরব আজ অতীত। দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত পাটকলই বন্ধ হয়ে গেছে। নানা দাবিতে প্রতিদিনই শ্রমিক সংগ্রাম চলছে। কিন্তু শ্রমিকদের টানাপোড়েনের গল্পগুলো গুরুত্ব এবং প্রচারের অভাবে আড়ালেই থাকছে। পাটকলশ্রমিকদের বেদনার গল্প রাষ্ট্র কিংবা সমাজ কেউ-ই শুনতে চায় না।
গতকাল শনিবার বিকেলে খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত তরুণ সাংবাদিক ও লেখক আবদুল্লাহ আল ইমরানের উপন্যাস কালচক্র-এর প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন।
পাটকলশ্রমিকদের জীবনঘনিষ্ঠ বোধ নিয়ে রচিত উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ করেছে ভাষাচিত্র প্রকাশন। তারাই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, ‘ইমরানের লেখায় নদীঘেরা এমন একটি জনপদের কথা উঠে এসেছে যেখানে পাটকলের ওপর নির্ভরশীল মানুষের বসবাস। মানবিক আবেগের জায়গাটা ধরে তাদের চাওয়া-পাওয়া, আনন্দ-বেদনার গল্প সে তুলে এনেছে গভীর মমতায়।’
ভাষাচিত্রের প্রকাশক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি চঞ্চল শাহরিয়ার ও জাতীয় মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক।
চঞ্চল শাহরিয়ার বলেন, বর্তমান সময়ের তরুণ লেখকেরা তাঁদের লেখায় যে গভীর জীবনবোধের চর্চা করেন কালচক্র তার উজ্জ্বল উদাহরণ। রূপসা পাড়ের মানুষের এই আখ্যান সমকালীন জীবন বোধেরই প্রতিচ্ছবি।
খুলনায় আগমনে সেলিনা হোসেনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদ খুলনার সাধারণ সম্পাদক নুরুন্নাহার হীরা, মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংঘের সভাপতি জি এম সোলায়মান আলী, কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটের সভাপতি আকতার হোসেন, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান প্রমুখ।