বাংলাদেশ পাটকল করপোরেশনকে হোল্ডিং কোম্পানি করার উদ্যোগের প্রতিবাদে খুলনা-যশোর অঞ্চলের সরকারি পাটকলের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। গতকাল রোববার সকালে নগরের তিনটি স্থানে শ্রমিকেরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন।
খুলনা-যশোর অঞ্চলের খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর দিঘলিয়ার স্টার, আটরা শিল্পা এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা সকাল সাড়ে নয়টায় নিজ নিজ কারখানার ফটকে সমবেত হন।
পরে শ্রমিকেরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে খালিশপুরে নতুন রাস্তা মোড়ে, আটরা শিল্পা এলাকার ইস্টার্ন ও নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই জুট মিল গেটের সামনে মানববন্ধন অংশ নেন। এ সময় শ্রমিকেরা বিক্ষোভ করে রাস্তা অবরোধ করেন। শ্রমিকদের এই অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এসব মানববন্ধনে বক্তারা বলেন, অর্থসংকটের কারণে এরই মধ্যে নয়টি পাটকলের প্রায় ৩০ হাজার বদলি (অস্থায়ী) শ্রমিক তাঁদের কাজ হারিয়েছেন।
দ্রুত এই সংকটের সমাধান না হলে আবারও কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। তখন প্রায় ৫০ হাজার শ্রমিক আবার বেকার হয়ে পড়বে। অথচ এ সংকট সমাধান না করে সরকারের একটি মহল সরকারি পাটকলগুলোকে হোল্ডিং কোম্পানি (বেসরকারি কোম্পানি) করার ষড়যন্ত্র করছে।
বক্তাদের সুপারিশ, দেশের চাল, ডাল, আটা, ময়দা ও চিনি—এসব খাদ্যের বস্তা যদি প্লাস্টিক না করে পাটের করা হয়, তবে কারখানা ও শ্রমিক বাঁচবে। হোল্ডিং কোম্পানিতে গেলে দেখা যাবে, শ্রমিক ছাঁটাই শুরু হয়েছে। সরকারি মজুরিকৃত বেতন তারা পাবে না। মালিকপক্ষ তাঁদের ইচ্ছামতো শোষণ-িনপীড়ন শুরু করবে। অবসরভাতা ও সঞ্চয়ের টাকা কিছুই পাবে না। শিল্পনগর আবার অন্ধকারে ডুবে যাবে।
একই দাবিতে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) কর্মকর্তা সমিতি, খুলনা আঞ্চলিক কমিটির উদ্যোগে একই দাবিতে নগরের নতুন রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, শ্রমিকেরা মিছিল করে ১০-১৫ মিনিটি সড়ক অবরোধ করেন। যান চলাচলে তেমন সমস্যা হয়নি।
খানজাহান আলী থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। আমরা বাইপাস দিয়ে গাড়ি পাস করে দিয়েছি।’