পাটকলে অগ্নিকাণ্ড, ৫০ কোটি টাকার ক্ষতি
পাবনার বেড়া উপজেলায় গতকাল মঙ্গলবার বেঙ্গল জুট টুয়াইন লিমিটেড নামের একটি বেসরকারি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ হাজার মণ পাটসহ পাটকলের প্রায় সব যন্ত্রপাতিই ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে পাটকলের মালিকেরা জানিয়েছেন।
বেড়া পৌর এলাকার অধীননগরে বছর দেড়েক হলো পাটকলটি পাটের সুতলি উৎপাদন করে আসছিল। চট উৎপাদনের জন্য সেখানে সম্প্রতি বেশ কিছু যন্ত্রপাতি আনা হয়েছে। উৎপাদিত সুতলির বেশির ভাগই বিদেশে রপ্তানি করা হয়। পাটকলটিতে দিনে ও রাতে পালা করে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। পাবনা-২ আসনের সাংসদ খন্দকার আজিজুল হক, বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মাদারীপুরের সাহাবউদ্দিন ও ফরিদপুরের খন্দকার শাহীন পাটকলটির মালিক বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে পাটকলটির মূল কারখানার একাংশে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় সেখানে পুরোদমে উৎপাদন চলছিল। মুহূর্তেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কারখানার পাশে অবস্থিত পাটের গুদামেও আগুন ধরে যায়। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে তাঁদের সঙ্গে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা যোগ দেন। অগ্নিনির্বাপণকর্মীদের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কারখানা ও গুদামের ভেতরে থাকা কয়েক হাজার মণ পাটসহ মূল্যবান যন্ত্রপাতি।
পাটকলের অন্যতম অংশীদার (মালিক) আবু সাঈদ বলেন, ‘আগুনে ৫০ হাজার মণ পাট ও ৫০ থেকে ৬০টি মূল্যবান মেশিন ভস্মীভূত হয়েছে। সব মিলিয়ে আমাদের ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
এদিকে পাটকলের পাঁচ থেকে ছয়জন কর্মকর্তা-কর্মচারী জানান, সেখানে অগ্নিনির্বাপণব্যবস্থা বেশ ভালো ছিল। এর পরেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাটকলে ব্যবহারের জন্য রাখা জুট বেসিন অয়েল (জেবিও) থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তাঁরা জানান।
বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ ও ক্ষতি সম্পর্কে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।