পাটকলে আগুন ৫০ হাজার মণ পাট পুড়ে ছাই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-লাগোয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার সানানগর এলাকায় অবস্থিত ঊষা জুট স্পিনার্স লিমিটেডের একটি গুদামে গত রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে।
ঊষা জুট মিলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) লুৎফুর রহমান বলেন, ‘রোববার রাত আনুমানিক আটটার দিকে পাটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে আমরা ফায়ার স্টেশন, বিদ্যুৎ কার্যালয় ও থানায় সংবাদ দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।’
মিলের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের প্রাথমিক হিসাব মোতাবেক প্রায় ৫০ হাজার মণ পাট রক্ষিত ছিল। ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকায় ওই পাটের গুদামের চাবি আমাদের কাছে নেই। যার ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছিল না।’
ফায়ার সার্ভিসের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন মজুমদার বলেন,রাত একটায় আগুন নেভানো সম্ভব হয়।