পাটকলে নিতে রেলের জমির মাটি কাটার পাঁয়তারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নির্মাণাধীন একটি পাটকলে রেলের জমি থেকে মাটি কেটে নেওয়ার পাঁয়তারা চলছে। ওই জমি থেকে মিল কর্তৃপক্ষ ইতিমধ্যে জোরপূর্বক ধানগাছ কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুণ্ডা গ্রামে।ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ছালাম মিয়া, রেজাউল বেপারী, সরোয়ার মিয়া ও সাকুু মিয়া রেলের মোট তিন একর ৮৬ শতাংশ জমি ১৯৯৫ সাল থেকে বার্ষিক ইজারা নিয়ে চাষাবাদ করে আসছেন। গত জানুয়ারি মাসে ওই জমিতে ইরি ধান রোপণ করা হয়। এপ্রিলে এই ধান পাকত। ছালাম মিয়া জানান, ‘দুই বছর আগে আমাদের ইজারা নেওয়া জমির পাশে “জোবায়দা-করিম জুট মিল” স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ওই মিলে মাটি নেওয়ার জন্য মিল কর্তৃপক্ষ মিলের শ্রমিকদের দিয়ে আমাদের ইজারা নেওয়া জমির ধানগাছগুলো দিন দশেক আগে থেকে কেটে ফেলতে শুরু করে।’রেজাউল বেপারী জানান, ‘ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর মিয়া ইজারাদার সরোয়ার, সাকু ও আমাকে ডেকে বলেন, “তোমরা জায়গা ছেড়ে দাও। আমাদের মিলের পাশের রেলের জায়গা আমরা ভোগ করব। আমরা ওই জমি থেকে মাটি কাটব।” এতে আমরা রাজি না হওয়ায় কর্তৃপক্ষ মিলের লোকজন দিয়ে আমাদের ইজারা নেওয়া জমির ধানগাছ কাটা শুরু করে। তারা অনেক শক্তিশালী। তাই বাধ্য হয়ে আমরা তাদের প্রস্তাবে রাজি হই এবং গত ২৭ মার্চ আমরা ক্ষতিপূরণ বাবদ তাঁদের কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করি।’রেলের রাজবাড়ী অঞ্চলের কানুনগো জিয়াউর রহমান গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘রেল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান রেলের জায়গা থেকে মাটি কাটতে পারে না। ওই জমি আমরা ছালাম মিয়া, রেজাউল বেপারি, সরোয়ার মিয়া ও সাকু মিয়ার কাছে ইজারা দিয়েছি। আমরা সরেজমিনে গিয়ে জানতে পেরেছি, মিল কর্তৃপক্ষ রেলের জায়গা থেকে মাটি কাটার পাঁয়তারা করছে। রেলের চেইনম্যান সিরাজ মিয়া বাদী হয়ে গত শুক্রবার ফরিদপুর কোতোয়ালি থানায় জোবায়দা-করিম জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর মিয়া এবং পরিচালক ওয়াহিদ মিয়া ও জাহিদ মিয়ার নামে একটি এজাহার দায়ের করেছেন।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী গতকাল রোববার জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর মিয়া বলেন, ‘আমরা তো সন্ত্রাসী নই। আমরা কেন জোর করে ধান কাটতে যাব? আর রেলওয়ের জমি থেকে মাটি কাটার কোনো পরিকল্পনা আমাদের নেই।’