পাটকলের জন্য জমি কিনতে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা গ্রামে প্রায় চার একর আবাদি জমিতে পাটকল নির্মাণের কাজ চলছে। পাটকল নির্মাণের জন্য কর্তৃপক্ষ আরো দুই একর জমি কিনতে আশপাশের জমির মালিকদের হুমকি এবং নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য মো. হিরু মুন্সি বছর খানেক আগে ওই গ্রামে ‘এইচএম জুট মিলস লিমিটেড’ নামে একটি পাটকল স্থাপনের জন্য মহিশালা, কানখড়দী, জয়নগর মৌজায় জমি কেনা শুরু করেন। জয়নগর গ্রামের বাসুদেব কুন্ডু অভিযোগ করেন, ‘মহিশালা মৌজার ১১৮ নম্বর দাগে (এসএ) আমাদের ১০২ শতাংশ জমি হিরু মুন্সি আমাদের প্রতিপক্ষ (ওই জমি নিয়ে মামলায়) হাফিজুর রহমান ও অন্যদের কাছ থেকে দলিল করে নেন। আমার পরিবার ওই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে।’একই গ্রামের শুশীল কুমার কুন্ডু (৬২) বলেন, ‘আমার সাড়ে পাঁচ বিঘা জমি পাটকলের জন্য বিক্রির প্রস্তাব দেওয়া হয়। রাজি না হওয়ায় হিরু মুন্সি লোকজন নিয়ে এসে আমাদের হুমকি দিয়ে গেছেন। আর আমার জমিঘেঁষা প্রস্তাবিত পাটকলের জমিতে প্রায় ৯-১০ ফুট গভীর গর্ত করে মাটি তোলা শুরু করেছে। এতে আমার জমি যেকোনো সময় ধসে যেতে পারে।’জয়নগর গ্রামের আওয়ামী লীগের কর্মী ফিরোজুর রহমান বলেন, ‘পাটকলের পক্ষ থেকে আমাকেও জমি বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। পাটকলের জায়গায় খোঁড়া গর্তের পাশে আমার পরিবারের পাঁচ বিঘা জমি আছে। গভীর গর্ত হওয়ায় এতে আমাদের এবং আশপাশের অনেক জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ অভিযোগ প্রসঙ্গে এইচএম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. হিরু মুন্সি বলেন, ‘আমি এলাকার লোকজনের কর্মসংস্থানের সুবিধার্থে অজপাড়াগাঁয়ে পাটকল স্থাপনের উদ্যোগ নিয়েছি।’ বাসুদেব কুন্ডুর কাছে জমির কোনো বৈধ কাগজপত্র নেই দাবি করে তিনি বলেন, ‘ভুলক্রমে জমির হাল রেকর্ড বাসুদেব কুন্ডুদের নামে হয়েছে। ইতিমধ্যে ওই রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন।’ জমি উঁচু করার প্রয়োজনে পাটকলের জমিতেই গর্ত খোঁড়া হয়েছে। শুশীল কুন্ডুকে জমি বিক্রি করতে হুমকি দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। হিরু মুন্সী জানান, পাটকলের জন্য ইতিমধ্যে চার একর জমি কেনা হয়েছে। আরও দুই একর কেনার চেষ্টা চলছে।উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, ‘কোনো সুস্পষ্ট নীতিমালা না থাকায় আমরা সাধারণ কৃষকদের পক্ষে ভূমিকা রাখতে পারছি না।’