পাটকাঠির গাঁদার নিচে পড়ে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার যশপুর গ্রামে পাটকাঠির গাঁদার নিচে চাপা পড়ে আজ বৃহস্পতিবার দুপুরে মনিকা নামের এক বছর বয়সের এক মেয়েশিশু মারা গেছে।

শিশুটির বাবা জাহিদুল মোল্যা জানান, বাড়ির আঙিনায় পাটকাঠির গাঁদার পাশে খেলা করার সময় দুপুর সাড়ে ১২টার দিকে মনিকার ওপর পাটকাঠির গাঁদা ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মোকসেদুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাগুরা শহরের নতুন বাজারের ছানার বটতলা এলাকায় আজ সকালে টেম্পোর নিচে চাপা পড়ে মিরাজ হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের পারনান্দুয়ালি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। 

পুলিশ জানায়, মিরাজ ওই কোম্পানির মালামাল নিয়ে টেম্পোতে করে মাগুরা শহর থেকে বাটিকাডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথে বেলা ১১টার দিকে ছানার বটতলা এলাকায় টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এ সময় টেম্পোর নিচে চাপা পড়ে মিরাজ ঘটনাস্থলে মারা যান।

মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।