পাটকে কৃষিপণ্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে বলেছেন, এখন থেকে পাট উৎপাদন, বিপণন ও রপ্তানিতে কৃষিপণ্যের প্রাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে। খবর বাসসের।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার সকালে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’-এর সফল বাস্তবায়নে সম্মাননা প্রদান ও তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য মেলা-২০১৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করে কৃষকদের স্বার্থরক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘পাট খাতের মাধ্যমে এখনো বাংলাদেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।’ শ্রমিকদের স্বার্থরক্ষায় এ সময় মজুরি কমিশন গঠনেরও ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা শ্রমিকদের স্বার্থরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সঙ্গে সংগতি রক্ষার্থে সরকার শ্রমিকদেরও মজুরি বৃদ্ধিতে শিগগিরই মজুরি কমিশন গঠন করতে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের পাট রপ্তানির অর্থ পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের মোট রপ্তানি আয়ের দুই-তৃতীয়াংশ আসত পাট থেকে।
শেখ হাসিনা অভিযোগ করেন, ‘যখন বিশ্বব্যাংকের অর্থে ভারতে নতুন পাটকল গড়ে তোলা হচ্ছিল, তখন সেই বিশ্বব্যাংকের টাকা খেয়েই বিএনপি এ দেশের পাটকলসহ শিল্পকারখানা গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বন্ধ করে দিতে থাকে।’
পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ফলে আইনটির প্রায় শতভাগ বাস্তবায়ন নিশ্চিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে বছরে পাট ব্যাগের চাহিদা ১০ কোটি থেকে বেড়ে ৭০ কোটি হয়েছে। সরকারি ও বেসরকারি পাটকলে কর্মচাঞ্চল্য ফিরেছে। বন্ধ পাটকল পুনরায় চালু করায় ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
শেখ হাসিনা বলেন, শুধু রপ্তানি নয়; দেশের ভেতর যে বড় বাজার রয়েছে, সেটিকেই আমাদের ধরতে হবে। পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করায় পাট থেকে ১০০ ধরনের পণ্য তৈরি হচ্ছে।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর সফল বাস্তবায়নে ১৩ ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ ৪১ জনকে গতকাল পুরস্কৃত করা হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী মুহম্মদ ইমাজউদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফিজির মানুষের জন্য সহায়তা: ফিজিতে ভয়াবহ ঘূর্ণিঝড়েÿক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রায় আট কোটি টাকা নগদ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। গত ২০ ফেব্রুয়ারি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপদেশে ঘূর্ণিঝড়ের আঘাতে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে।
বাপ্পী লাহিড়ীর সাক্ষাৎ: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বাপ্পী লাহিড়ী গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শুধু বক্তৃতা নয়, সংগীতের মাধ্যমেও বিভিন্ন বিষয় জনগণকে উদ্বুদ্ধ করাসহ দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
বাপ্পী লাহিড়ী প্রধানমন্ত্রীকে বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ওপর একটি গান করে তিনি ক্যারিয়ার শুরু করেন। ভবিষ্যতে বাংলাদেশে বঙ্গবন্ধুর ওপর কনসার্টে তিনি অংশগ্রহণ করবেন। পরে বাপ্পী লাহিড়ী ‘দ্য স্লাম স্টারস অব ইন্ডিয়া’ শীর্ষক তাঁর একটি মিউজিক ভিসিডি প্রধানমন্ত্রীকে উপহার দেন।