পাটগ্রাম উপজেলা খাদ্য পরিদর্শক সাময়িক বরখাস্ত
গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খাদ্য পরিদর্শক শফিউল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।জানা যায়, ৩ জুন উপজেলার তিস্তা গ্রামের তোকদার পাড়ায় শফিউলের বাসভবন থেকে দুলালী খাতুন নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। দুলালীর বাড়ি একই উপজেলার কাছাড়ি পাড়ায়। এ ঘটনায় দুলালীর বাবা মোজাম্মেল হক ওই দিনই শফিউল ও তাঁর স্ত্রী তৌহিদ আরার বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ওই দিনই শফিউলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ব্যাপারে লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, গৃহকর্মীকে হত্যার অভিযোগে শফিউল আলমের গ্রেপ্তারের বিষয়টি ৫ জুন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে জানানো হয়। তাই সাময়িক বরখাস্তের আদেশটি ৩ জুন থেকে কার্যকর হবে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, তৌহিদ আরা উপজেলার তিস্তা কে আর খাদেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। গৃহকর্মী খুনের পর থেকে তিনি পলাতক।